Loading...

ঢাকা উত্তর সিটি করপোরেশনে চাকরি পেলেন দুজন ট্রান্সজেন্ডার

| Updated: December 23, 2021 13:01:17


ঢাকা উত্তর সিটি করপোরেশনে চাকরি পেলেন দুজন ট্রান্সজেন্ডার

ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রথমবারের মতো চাকরি পেলেন দুজন ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী নারী ও পুরুষ।

এছাড়া দুজন এসিডদগ্ধ নারী, দুজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং রামপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রের ভাইসহ সাতজনকে বিভিন্ন পদে চাকরি দেওয়া হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার রাজধানীর গুলশান-২ এলাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম’ উদযাপনের অংশ হিসেবে তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

সাত জনের মধ্যে রয়েছেন এসিড সন্ত্রাসের শিকার নারী নাসরিন জাহান ও লুলু মানসুরা, বিশেষ চাহিদাসম্পন্ন সাবিনা ইয়াসমিন শিল্পী ও সানজিদা আক্তার।

এছাড়া রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের ভাই মনির হোসেন এবং ট্রান্সজেন্ডার মইনুল ইসলাম অনামিকা ও আসিফ নেওয়াজ মেঘ চাকরি পেয়েছেন।

মৌলভীবাজারের জুড়ি উপজেলার মইনুল ইসলাম অনামিকা লেখাপড়া করেছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। তিনি সেখানেই থাকেন।

এর আগে অন্য কোথাও চাকরি করার অভিজ্ঞতা না থাকা অনামিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “খুব খুশি হয়েছি। আমাদের দিকে তো আসলে সেভাবে কেউ নজর দেয় না। সিটি করপোরেশন বিশেষ করে মেয়র সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই।”

সবার সমান অধিকার নিশ্চিত করতেই এই সাতজনকে চাকরি দেওয়া হয়েছে মন্তব্য করে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, “আমরা চেয়েছি উদাহরণ তৈরি হোক। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান যদি সমাজের পিছিয়ে পড়া মানুষের দায়িত্ব নেয়, তাহলে খুবই ভালো হবে।
“তারা মানুষ, তারাও সমাজের অংশ। অন্য সবার মত তাদেরও সমান অধিকার আছে। তারা কেউ ইচ্ছে করে এমন হয়নি, কারও সমস্যা জন্মগত, কেউ ঘটনার শিকার হয়েছেন।”

নতুন বছরের প্রথম দিন, অর্থ্যাৎ ১ জানুয়ারি থেকে এই সাত জন কাজে যোগ দেবেন বলে জানান মেয়র।


“আমরা আপাতত আউটসোর্সিংয়ের মাধ্যমে তাদের নিয়োগ দিয়েছি। ভবিষ্যতে আমাদের এখানে যখন স্থায়ী নিয়োগ হবে, তখন তারা অগ্রাধিকার পাবেন।”

মুক্তিযুদ্ধে অবদানের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচজন কাউন্সিলরকে বিশেষ সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে।
তারা হলেন ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা সালেক মোল্লাহ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী এবং ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দীন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, শক্তি ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর ইমরান আহমেদ, উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।

Share if you like

Filter By Topic