নাম দিয়েই পরিচিতি, নাম নিয়েই কত শত গল্প। প্রত্যেকটি নামের সাথে জড়িয়ে সাথে অনেক গল্প, কথা, ঘটনা এমনকি ইতিহাসও। এই যেমন - মানুষের নাম। কবে রাখা হয়েছিল, কে রেখেছিল, এই নামটাই কেন রাখা হলো, নামের অর্থ কী কতকিছু জড়িয়ে থাকে একটি নামের সাথে।
মসজিদের শহর, রিকশার শহর, বিখ্যাত মসলিনের শহর - এই ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলের নামকরণের পিছনে রয়েছে একেকটি গল্প।
ধানমন্ডি
ধানমন্ডির মন্ডি এই ফার্সি শব্দটির অর্থ হচ্ছে হাট বা বাজার। বাংলা সবসময়ই ধন-ধান্যে পরিপূর্ণ ছিল। সেই বৃটিশদের আমলে ধান বেচা-কেনার সবচেয়ে বড় হাট বসতো এই এলাকায়। আর এ থেকেই ধানমন্ডি নামের যাত্রা শুরু।
এলিফ্যান্ট রোড
হাতিকে ডেরায় নিয়ে যাওয়া বা গোসল করতে নিয়ে যাওয়া বা রোদ পোহাতে নিয়ে যাওয়া, এই রাস্তা দিয়ে হাতিগুলোকে হেঁটে নিয়ে যাওয়া হতো। তাই ইংরেজদের আমলে লোকমুখে এর নাম হয়ে গেল এলিফ্যান্ট রোড। বাংলার শাসনামল হলে হয়তো নাম হতো হাতিররাস্তা!
হাতিরঝিল
মুঘল আমল কি বৃটিশ আমল সেসময়ে বাংলায় অনেক হাতি ছিল। আর থাকবেই বা না কেন! সেসময় চলাচলের বাহন এবং অন্যান্য কাজের জন্য হাতি ব্যবহার করা হতো। সেই হাতিগুলোকে গোসল করানো হতো এই ঝিলে, আর সেখান থেকেই ঝিলটির নাম হয় হাতিরঝিল।
পল্টন
ঢাকা অঞ্চল শাসনের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক প্লাটুন সেনাসদস্য নিযুক্ত করলেন এই এলাকায়। সময়ের সাথে সাথে প্লাটুন শব্দটি বিবর্তিত হয়ে পল্টন হয়ে গেলো আর জায়গাটার পরিচিতিও এই হিসেবে রয়ে গেল।
ভূতের গলি
উচ্চারণ বিভ্রাট যে কতটা ভয়াবহ হতে পারে তার উদাহরণ এই ভূতের গলি। ইংরেজদের আমলে সেই এলাকায় সর্বপ্রথম কোন এক ইংরেজ এলেন বসবাসের জন্য, নাম তার মিস্টার বুথ। তার সম্মানার্থে তিনি যেখানে থাকতেন সেই গলির নাম রাখা হয়েছিল বুথের গলি। উচ্চারণ বিভ্রাটের কারণে একসময় কোনো ভূত-প্রেতের উপস্থিতি ছাড়াই বুথের গলি হয়ে গেলো ভূতের গলি।
কাকরাইল
মি. ককরেল ঢাকার কমিশনার থাকাকালীন এই অঞ্চলটিকে নতুন রূপ দেন এবং নিজের নামের সাথে মিলিয়ে নাম রাখেন কাকরাইল।
রমনা
বিশাল সম্ভ্রান্ত এক ব্যক্তি রমনাথ বাবু তৈরি করলেন এক কালী মন্দির এবং নিজের নামখানা জুড়ে দিয়ে নামকরণ করলেন রমনা কালী মন্দির। সেই সাথে মন্দিরের পাশে গড়ে তুললেন বিশাল ফুলের বাগান এবং খেলাধুলার মাঠ। সময়ের সাথে সাথে একসময় পুরো এলাকাটিই রমনা নামে পরিচিত হয়ে ওঠে।
শাহবাগ
শাহ অর্থাৎ রাজকীয় এবং বাগ অর্থাৎ বাগিচা বা বাগান। যদিও এখনাকার শাহবাগে কেবলই দেখা মিলবে অসংখ্য যানবাহনের প্রতিনিয়ত ব্যস্ত আসা-যাওয়া। কিন্তু একসময় অর্থাৎ সেই মুঘল আমলে এখানে গড়ে তোলা হয়েছিল বিস্তর এলাকা জুড়ে দৃষ্টিনন্দন বাগান এবং নাম দেওয়া হয়েছিল শাহবাগ।
মগবাজার
কথিত আছে একসময় বাংলায় মগ জলদস্যুদের খুব উপদ্রব ছিল এবং এদের ঘাঁটি ছিল চট্টগ্রামে।
মুঘল শাসকের নিকট একসময় এরা পরাস্ত হয়ে মাথা গোঁজার ঠায় চাইলে তাদেরকে একটি নির্দিষ্ট এলাকায় থাকতে দেওয়া হয় এবং সময়ের সাথে সাথে এই জায়গার নাম হয়ে উঠে মগবাজার। মগবাজার বলতে মগদের আধিক্য বা মিলনমেলাকে বোঝানো হয়েছে।
ওয়ারী
বৃটিশ শাসনামলে হঠাৎ তাদের মনে হলো ঢাকায় একটি অভিজাত এলাকা গড়ে তোলা দরকার। সেসময় ঢাকায় ম্যাজিস্ট্রেট পদে বহাল ছিলেন মি. অয়্যার এবং তার নামানুসারে এলাকার নামকরণ করা হয় অয়্যার। কিন্তু বাংলার মানুষদের কাছে এ উচ্চারণ ঠিক হয়ে উঠছিল না। তাই কালের স্রোতে অয়্যার থেকে উয়ারী এবং শেষ পর্যন্ত ওয়ারীতে এসে ঠেকেছে।
ফার্মগেট
কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন নিয়ে গবেষণার জন্য ইংরেজ সরকার একটি ফার্ম স্থাপন করলেন এই এলাকায় এবং প্রধান ফটকের নামানুসারে পুরো এলাকার নাম দিলেন ফার্মগেট।
শবনম জাবীন চৌধুরী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
zabin860@gmail.com