দেশের আবাসন ব্যবসায়ীদের উদ্বেগ বিবেচনায় নিয়েই রাজধানী ঢাকা ঘিরে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সংবাদ সম্মেলনে তাদের কোনো ক্ষতি হবে না বলেও তিনি আশ্বস্ত করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বাণিজ্যমন্ত্রী বলেন, সবার একটা স্বপ্ন থাকে নিজের ঘর করার, আর বাংলাদেশের আবাসন খাতের ব্যবসায়ীরা সেই স্বপ্নপূরণ করেন। সেখানে কোনো ধরনের বাধা দেওয়া মানে মানুষের স্বপ্নে বাধা দেওয়া।
তাছাড়া এই আবাসন খাতের সাথে আছে ৩৫ লাখ লোক। আবাসন খাতের সাথে বড় ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রিজ জড়িত। সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রস্তাবিত ড্যাপ বাস্তবায়ন হলে ভবনের আয়তন কমপক্ষে ৩৩ শতাংশ কমে যাবে ও ফ্ল্যাটের দাম বেড়ে যাবে বলে উদ্বেগ দেখিয়ে আসছেন আবাসন ব্যবসায়ীরা।
রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) বলেন, ড্যাপ নিয়ে আমাদের উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে; রাজউকের সাথে আমরা অনেকগুলো মিটিং করেছি।
বাস্তব পরিস্থিতি বিবেচনা করে তিনি ড্যাপ সংক্রান্ত বিষয়টির দিকে সুদৃষ্টি প্রত্যাশা করেন রিহ্যাব প্রেসিডেন্ট।
তবে ড্যাপ নিয়ে শংকার কিছু নেই নেই বলে আশ্বস্ত করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকারও।
তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়া সময় রিহ্যাবের মতামতকে গুরত্ব দেওয়া হবে।
রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাবুল হামিদ বলেন, পরিকল্পিত ও আধুনিক বাসস্থান তৈরিতে গৃহঋণের অবদান অনস্বীকার্য। একজন নাগরিকের পক্ষে ঋণ ছাড়া ফ্ল্যাট বা প্লট কেনা প্রায় অসম্ভব।
ক্রেতারা যাতে খুব সহজে এই ঋণ পেতে পারে সেই ব্যবস্থা করার দাবি জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে রিহ্যাব আবাস মেলার ২২তম আসরের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।
রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও নির্মাণসামগ্রী ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে রিহ্যাব।
অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (২) মো. নজরুল ইসলাম (দুলাল) ভাইস প্রেসিডেন্ট (৩) লায়ন শরীফ আলী খান, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) এবং ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা এবং ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কৈয়ূম চৌধুরীসহ রিহ্যাব পরিচালকরা উপস্থিত ছিলেন।
৫ দিনব্যাপী এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় দেড় শতাধিক প্রতিষ্ঠানের মোট ২২০টি স্টল থাকছে।
প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশমূল্য ৫০ টাকা, মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশমূল্য ১০০ টাকা।
মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। টিকিটের প্রাপ্ত অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে।