ডোপ টেস্টে কারও ফল পজেটিভ এলে তিনি সরকারি চাকরির জন্য অযোগ্য বিবেচিত হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
শুক্রবার রাজধানীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে সরকারি চাকরিতে ঢোকার আগে প্রার্থীদের ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা করা হবে। যাদের ডোপ টেস্ট পরীক্ষার ফলাফল পজেটিভ হবে, তিনি চাকুরির জন্য অযোগ্য বিবেচিত হবেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু সরকারি চাকরি প্রার্থীদের নয়, যারা সরকারি চাকরি করছেন, তাদেরকেও ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। নিরাপত্তা বাহিনীতে যারা আছেন, তাদেরকে ইতোমধ্যে ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। টেস্টে যারা পজিটিভ হচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
সভায় উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, মাদক নির্ভরশীল ব্যক্তিকে সঠিকভাবে পরিচর্যা করতে না পারলে যে কোনো সময় তার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে।
মাদকাসক্তি চিকিৎসায় ব্যক্তির নিজ ও তার পরিবারের সার্বিক সহযোগিতাসহ সেবা প্রদানকারী সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো করা যেতে পারে। তবে এক্ষেত্রে পরিবারের ভূমিকাই সবচেয়ে বেশি।
ফাইল ছবিফাইল ছবিসেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক অরূপ রতন চৌধুরী।