উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। এক দশকে এটাই হবে পাকিস্তানের মন্ত্রিপরিষদের কোনো সদস্যের প্রথম ঢাকা সফর।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বুধবার ঢাকায় ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের সম্মেলন হবে।
২০তম ওই সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করবেন ডি-৮ এর বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সোমবার ও মঙ্গলবার ডি-৮ কমিশনের বৈঠক হবে ঢাকায়।
বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক ডি-৮ জোটের সদস্য।
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি সম্মেলনে যোগ দেবেন জানালেও তিনি কবে ঢাকা পৌঁছাবেন তা জানাননি পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
হিনা রাব্বানি খার ছাড়াও ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী বা তাদের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, ইরান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান। মিশরের একজন সহকারী মন্ত্রী, ইন্দোনেশিয়ার একজন বিশেষ দূত, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল, নাইজেরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী সম্মেলনে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।
ডি-৮ জোটের সদস্য হওয়ার জন্য আজারবাইজান আবেদন করেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সদস্যপদ পাবে কি-না, সে বিষয়ে ডি-৮ মন্ত্রীরা সিদ্ধান্ত নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাকিস্তানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে সম্মেলনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ রক্ষা করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানিকে পাঠাচ্ছে পাকিস্তান সরকার।
এর আগে ২০১২ সালে ঢাকা সফর করেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। ইসলামাবাদে ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন তিনি।
খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।