উইম্বলডনে শিরোপা জিতে অলিম্পিকে আসা অ্যাশলি বার্টির এককে সোনার স্বপ্ন ভাঙল প্রথম রাউন্ডেই। নারী এককের শীর্ষ খেলোয়াড়কে বিদায় করে দিয়েছেন স্পেনের সারা সোরিবেস তোরমো। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী বার্টিকে ৬-৪, ৬-৩ গেমে হারান র্যাঙ্কিংয়ের ৪৮ নম্বর সোরিবেস তোরমো। তার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়।
দ্বিতীয় বাছাই জাপানের নাওমি ওসাকা প্রথম রাউন্ডে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন চিনের সাইসাই ঝেংকে। অলিম্পিক মশাল জ্বালানো ওসাকাই এখন টিকে থাকা খেলোয়াড়দের মধ্যে শীর্ষ র্যার্ঙ্কিংধারী ।
স্টর্ম স্যান্ডার্সকে নিয়ে নারীদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে যাওয়ায় অলিম্পিকে সোনার আশা এখনও বেঁচে আছে বার্টির।
চোটের জন্য পুরুষ একক থেকে সরে দাঁড়িয়েছেন গত দুইবারের সোনা জয়ী অ্যান্ডি মারে।
ঊরুর চোটের জন্য একক ও ডাবলসের যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল মারেকে। ২০১২ ও ২০১৬ আসরে পুরুষ এককে সোনা জয়ী ৩৪ বছর বয়সী এই স্কটিশ তারকা ডাবলসে জো স্যালিসবারিকে নিয়ে এরই মধ্যে পার হয়েছেন প্রথম রাউন্ড।