মোবাইল ফোন মেরামত পেশাকে স্বীকৃত টেকনিশিয়ান পেশা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন।
সংগঠনের মহাসচিব হাজবুল আলম জুলিয়েট রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
তিনি বলেন, “দেশের বহু তরুণ-যুবক কারিগরি শিক্ষা গ্রহণ করে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছেন। বর্তমানে কিছু আইনি জটিলতা ও কিছু বিপথগামী টেকনিশিয়ান কারিগরি শিল্পকে অপব্যবহার করে এ পেশাকে কলুষিত করছে। বিপথগামী টেকনিশিয়ানদের কারণে এ সেবামূলক পেশায় নিয়োজিত অন্যান্য টেকনিশিয়ানরা হয়রানির শিকার হচ্ছেন।”
আইএমইআই নম্বর যাচাইয়ে ডেটাবেইজ সার্ভার ওয়েবসাইট চালুর দাবি জানিয়ে হাজবুল আলম বলেন, “এ ওয়েবসাইট থেকে ফোনের আইএমইআই তালিকা চেক করা যাবে। ফোন হারিয়ে গেলে জিডি কপিসহ ফোনের মালিক ওয়েবসাইটে অভিযোগ জানানোর অপশন থাকবে। এর ফলে আমাদের টেকনিশিয়ানদের কাছে সেলফোন মেরামত করাতে আনলে তা খুব সহজেই যাচাই করে বুঝতে পারব এটা চোরাই বা হারানো ফোন কিনা।”
এক বছর আগে প্রতিষ্ঠিত সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া এবং নতুন প্রশিক্ষিত টেকনিশিয়াদের ব্যবসা চালুর ক্ষেত্রে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার দাবি জানান সংগঠনের মহাসচিব।
অন্যদের মধ্যে সংগঠনের আহ্বায়ক মাসুদুর রহমান খান, সাংগঠনিক সচিব জনী চন্দ্র দাস, হাফিজুর রহমান মিলন, ওমর ফারুক, মামুন জয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
