Loading...

টিসিবির তেল-চিনির দাম বাড়ল

| Updated: April 01, 2021 21:11:20


টিসিবির তেল-চিনির দাম বাড়ল

খোলা বাজারের সঙ্গে সমন্বয় করতে সরকারি বিপণন সংস্থা টিসিবির সয়াবিন তেল ও চিনির দাম বাড়ানো হয়েছে।

বুধবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে সয়াবিন তেল প্রতি লিটারে ১০ টাকা বেড়ে ১০০ এবং চিনি কেজিতে পাঁচ টাকা বেড়ে ৫৫ টাকায় বিক্রি হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বর্তমানে খোলা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের ১৩৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১১৭ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। খোলা সয়াবিন তেল আরেকটু বেশি দামেই বিক্রি হচ্ছে।   

রোজা উপলক্ষে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ১ এপ্রিল থেকে সারাদেশে ৫০০টি ট্রাক নামাবে টিসিবি। ওই দিন থেকেই তেল ও চিনির নতুন মূল্য কার্যকর হবে বলে সংস্থাটি জানায়।

টিসিবির জনসংযোগ শাখার কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “বাজারে তেল-চিনির দাম অনেক বেড়ে গেছে। এখন মূল্যটা একটু সমন্বয় না করা হলে নানা রকম সমস্যা হতে পারে। সে কারণে দাম সমন্বয় করা হয়েছে।

টিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বিপণনে নামা ৫০০টি ভ্রাম্যমাণ ট্রাকের মধ্যে ঢাকায় ১০০টি ও চট্টগ্রামে ২০টি ট্রাক থাকবে। এই প্রক্রিয়া চলবে আগামী ৬ মে পর্যন্ত।

প্রতিটি ট্রাকে ৮০০ থেকে ১২০০ কেজি চিনি থাকবে। প্রতি কেজি ৫৫ টাকা দরে ২ থেকে ৪ কেজি চিনি পাবেন ভোক্তা।

মসুর ডাল থাকবে ৬০০ থেকে ৭৫০ কেজি। প্রতিকেজি ৫৫ টাকা করে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল পাবেন ভোক্তা।

সয়াবিন তেল থাকবে ১২০০ থেকে ১৫০০ লিটার। প্রতিকেজি ১০০ টাকা দরে ২ থেকে ৫ লিটার কিনতে পারবেন ভোক্তা।

প্রতিটি ট্রাকে ৩০০ কেজি থেকে সর্বোচ্চ ১০০০ কেজি পর্যন্ত পেঁয়াজের মজুদ থাকবে। প্রতিকেজি ২০ টাকা দরে প্রয়োজন মতো পেঁয়াজ কিনতে পারবেন ভোক্তা।

ছোলা থাকবে ৪০০ থেকে ১০০০ কেজি। একজন ভোক্তা ৫৫ টাকা দরে প্রতিদিন ২/৩ কেজি ছোলা কেনার সুযোগ পাবেন।

এছাড়া প্রতিটি ট্রাকে ১০০ কেজি করে খেজুর থাকবে। একজন ভোক্তা ৮০ টাকা দরে এক কেজি খেজুর কেনার সুযোগ পাবেন।

Share if you like

Filter By Topic