ইউনাইটেড এয়ারলাইন্স তাদের প্রায় ৬শ কর্মচারীকে বরখাস্ত করতে যাচ্ছে। কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণের প্রয়োজনীয়তা মেনে চলতে অস্বীকৃতি জানানোয় তাদেরকে বাদ দেয়া হচ্ছে। মঙ্গলবার কোম্পানিটির কর্মকর্তারা এমন কথা জানান। খবর বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বাসস এ খবর জানিয়েছে।
কোম্পানির কর্মকর্তারা জানান, ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানানো ৫৯৩ কর্মীর পাশাপাশি আরো ২ হাজার কর্মী তাদের চিকিৎসাজনিত বা ধর্মীয় কারণে টিকা গ্রহণের বাধ্যবাদকতা থেকে রেহাই দেয়ার আবেদনও জানিয়েছেন। এ সংখ্যা ইউনাইটেড এয়ারলাইন্সের মোট কর্মীর সংখ্যার প্রায় ৩ শতাংশ।
যুক্তরাষ্ট্রের বৃহৎ এ এয়ারলাইন্স জানায়, কোম্পানির প্রায় সকল কর্মচারীর টিকা নেয়া তাদের জন্য একটি খুশির খবর। আগস্ট মাসের গোড়ার দিকে ইউনাইটেড ঘোষণা দেয় যে যুক্তরাষ্ট্রের সকল কর্মচারীকে বাধ্যতামূলকভাবে টিকা গ্রহণ করে তাদের ভ্যাকসিন কার্ড কোম্পানির সিস্টেমে আপলোড করতে হবে।