টানা তৃতীয় দিন পতন দেখছে পুঁজিবাজার


এফই অনলাইন ডেস্ক | Published: March 08, 2022 12:56:35 | Updated: March 08, 2022 19:48:42


টানা তৃতীয় দিন পতন দেখছে পুঁজিবাজার

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রথম ঘণ্টার লেনদেনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১৮ দশমিক ৭৪ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ পড়ে যায়। বেলা ১১টায় সূচকে ছিল ৬ হাজার ৩৩৫ পয়েন্ট।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এরপর সূচক সামান্য উঠলেও পরে আবার পতন শুরু হয়। বেলা সাড়ে ১১টায় সূচকে ছিল ৬ হাজার ৩৭৬ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৮২ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ কম।

সপ্তাহের শুরুর দিন রোববার ডিএসইএক্স কমে যায় ৫৭ দশমিক ৮৮ পয়েন্ট, সেদিন প্রায় আড়াইশ শেয়ারের দাম কমে যায়।

ইউক্রেইনে যুদ্ধের জেরে সোমবার সকালেই বিশ্ব বাজারে তেলের দাম ২০০৮ সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠে গেলে ঢাকার পুঁজিবাজারে ভর করে আতঙ্ক।

শেয়ার বিক্রির চাপে ডিএসইএক্স এক দিনেই ১৮২ দশমিক ১২ পয়েন্ট বা ২ দশমিক ৭৪ শতাংশ কমে যায়।

শতাংশের হিসাবে এটা ছিল গত ১১ মাসের মধ্যে সবচেয়ে বড় পতন। লেনদেন হওয়া ৯৬ শতাংশ কোম্পানির শেয়ারের দাম পড়ে যায় সোমবার।

মঙ্গলবার বেলা পৌনে ১২টা পর্যন্ত ৩২৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ওই সময় পর্যন্ত এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির এবং কমেছে ২৬১টির। অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারের সূচকও বড় পতন হয়েছে।

মঙ্গলবার প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ২৫৩ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ কমে ১৮ হাজার ৭৩৬ দশমিক ১২ পয়েন্টে নেমে আসে।

ওই সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয় মোট ৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার।

লেনদেন হওয়া ১৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৪টির দর বাড়ে, ১৩৮টির কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত ছিল।

Share if you like