Loading...

টাগবোট থেকে বিচ্ছিন্ন হয়ে পাথরবাহী নৌযানটি মনপুরায়

| Updated: July 16, 2022 21:48:37


টাগবোট থেকে বিচ্ছিন্ন হয়ে পাথরবাহী নৌযানটি মনপুরায়

ভোলার মনপুরা উপজেলায় বঙ্গোপসাগরের মোহনায় ভেসে আসা নাবিকবিহীন পাথর বোঝাই সেই নৌযানটি কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে যাচ্ছিল বলে কোস্ট গার্ড জানিয়েছে। 

কিন্তু উত্তাল সাগরে টাগবোট থেকে বিচ্ছিন্ন হয়ে ‘আল কুবতান’ নামের নৌযানটি কাণ্ডারিহীনভাবে সাগরে ভাসছিল বলে কোস্ট গার্ড ভোলার দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিনজল জানান। 

তিনি বলেন, ভারতের কাকিনাড়া সমুদ্র বন্দর থেকে ১৩ হাজার মেট্রিক টন পাথর নিয়ে বার্জটি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড প্রজেক্টে যাচ্ছিল।  

“বুধবার রাতে পথে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল হওয়ায় টাগবোট এ এম অ্যাকুয়ার্ড থেকে বার্জটি বিচ্ছিন্ন হয়ে যায়।” 

‘বার্জটি’ কোস্ট গার্ডের নিরাপত্তা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।  

বৃহস্পতিবার সকালে মনপুরায় বঙ্গোপসাগরের মোহনায় বিচ্ছিন্ন চারনিজাম এলাকায় নৌযানটি প্রথম দেখা যায়। দীর্ঘ সময় প্রশাসন নৌযানটিকে হেফাজতে না নেওয়ায় সেখানে ট্রলার ঠেকিয়ে মালামাল লুটের অভিযোগ ওঠে। 

নৌযানটিতে যাওয়া লোকজন জানিয়েছে, এর গায়ে এক জায়গায় ইংরেজিতে ‘আল কুবতান’ লেখা রয়েছে।  

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা চরফ্যাসনের ইউএনও আল নোমান জানিয়েছিলেন, বৃহস্পতিবার রাতেই নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌ-পুলিশকে এ ব্যাপারে অবগত করা হয়েছে। দুর্গম সাগর পথ হওয়ায় জাহাজটি হেফাজতে নিতে দেরি হচ্ছিল। 

Share if you like

Filter By Topic