ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বুধবার বিকালে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজারে এই দুর্ঘটনা ঘটে বলে জানান বারোবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন ।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শেখ মেজবাহ উদ্দিন জানান, জেকে পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে মাগুরার দিকে যাচ্ছিল। বিকাল সাড়ে ৩টার দিকে বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর আড়াআড়ি হয়ে উল্টে পড়ে। ঘটনাস্থলে নয় জন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।
মেজবাহ উদ্দিন জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার পর সড়কে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে বলে জানান তিনি।