চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে স্বামী, চিত্রনায়ক ওমর সানীর বিতণ্ডার মধ্যে জায়েদের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা মৌসুমী; জানালেন, জায়েদ খান তাকে সম্মান করেন।
বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় নিজের অবস্থান জানালেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এ অভিনেত্রী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মৌসুমী বলেন, আমার প্রসঙ্গটা অহেতুক টানা হয়েছে। জায়েদের সঙ্গে একজন শিল্পীর যে সম্পর্ক, তা-ই আছে। আমি জায়েদকে অনেক স্নেহ করি, ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। আমাকে অসম্মান করার কোনও প্রশ্নই ওঠে না। সে অনেক ভালো ছেলে। সে কখনোই আমাকে অসম্মান করেনি।
শুক্রবার খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানের সঙ্গে ওমর সানীর বিতণ্ডার খবর প্রকাশে এসেছে শনিবার রাতে। খবরে বলা হয়, জায়েদ খানকে প্রকাশ্যে চড় মারেন ওমর সানী; ক্ষুব্ধ হয়ে নিজের কাছে থাকা পিস্তল বের করে হুমকি দেন জায়েদ।
ওমর সানীর বরাতে বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে, মৌসুমীকে বিরক্ত করায় জায়েদ খানকে তিনি চড় মেরেছেন।
বিষয়টি নিয়ে মৌসুমী বলেন, কেন এই প্রশ্নটা বারবার আসছে যে, সে আমাকে বিরক্ত করছে, উত্যক্ত করছে। এই জিনিসটা আমি বুঝতে পারছি না। এটা যদিও একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।
সাম্প্রতিক ঘটনায় জায়েদ খানের কোনো দোষ নেই বলে মনে করেন এ অভিনেত্রী। স্বামী ওমর সানীর প্রতি তিনি বলেছেন, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আমাকে ছোট করার মধ্যে অন্যের আনন্দ কেন? যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনও সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।
মৌসুমীর অডিও বার্তা প্রকাশ্যে আসার পর ফেইসবুক লাইভে এসে ওমর সানী বলেছেন, জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে যে অভিযোগ করেছেন সেই অবস্থানে এখনও অটল আছেন।
মৌসুমী যে কথা বলেছেন, সেই বিষয়ে তাদের দুই সন্তান ফারদিন ও ফাইজা বিস্তারিত জানাবেন এবং মৌসুমীর প্রতি কোনো অভিযোগ নেই জানিয়ে তার প্রতি বাজে মন্তব্য থেকে বিরত রাখার অনুরোধ করেছেন ওমর সানী।