Loading...

জায়েদ খানকে বয়কটের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন

| Updated: March 06, 2022 10:55:34


জায়েদ খান জায়েদ খান

চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন।

শনিবার সকাল ১১টায় এফডিসিতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সোহান জানান, “চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অন্য কোনো সংগঠনের সদস্যদের ঢুকতে দেওয়া হয়নি; যা নিন্দনীয় ঘটনা। আমরা প্রমাণ পেয়েছি, এই কাজটা জায়েদ খান করেছে। সে কারণেই সম্মিলিতভাবে বসে তাকে বয়কটের সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিলাম।”

১৮ সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা জায়েদ খানের সঙ্গে কোনো সিনেমা করবে না। পরবর্তী ঘোষণা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এ বিষয়ে জায়েদ খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় বারের মতো শপথগ্রহণ করেছেন জায়েদ; তার পরদিনই তাকে বয়কটের ঘোষণা এল।

১৮ সংগঠনের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ছাড়া প্রযোজক সমিতি, পরিচালক সমিতিসহ এফডিসির প্রায় সব সংগঠনই রয়েছে।

দেড় বছর আগেও ‘চলচ্চিত্রের স্বার্থবিরোধী  কর্মকাণ্ডের’ অভিযোগে জায়েদকে বয়কট করেছিল ১৮ সংগঠন; পরে তা তুলে নেওয়া হয়েছে। মাঝে কয়েকটি সিনেমার শুটিংও করেছেন জায়েদ খান।

জায়েদ খানের চলচ্চিত্র অভিষেক হয় ২০০৮ সালে মোহাম্মদ হান্নানের ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে।

 ‘নগরমাস্তান’, ‘দাবাং’, ‘রিকশাওয়ালার প্রেম’, ‘কাজের মানুষ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও সাফল্যের নাগাল পাননি এ চিত্রনায়ক।

পরবর্তীতে প্রযোজনায়ও নাম লেখান পিরোজপুরে জন্ম নেওয়া এ অভিনেতা। নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জেড. কে মুভিজের ব্যানারে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘অন্তরজ্বালা’ মুক্তি পায় ২০১৭ সালে।

Share if you like

Filter By Topic