জার্মান পার্লামেন্ট, বুন্ডেসটাগ,-এর পার্লামেন্টারী ব্রেকফাস্ট-এ বক্তব্য রেখেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জার্মান সরকারের শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের পার্লামেন্টারী সেক্রেটারী মি. মারিও ব্র্যান্ডেনবার্গের আমন্ত্রণে স্থানীয় সময় গত বৃহস্পতিবার মুহাম্মদ ইউনূস এ অনুষ্ঠানে যোগ দেন। মারিও ব্র্যান্ডেনবার্গের সঞ্চালনায় চার ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ১০ জন জার্মান পার্লামেন্ট সদস্য।
শনিবার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী দারিদ্র বৃদ্ধির বর্তমান প্রবণতা, নিম্ন আয়ের মানুষদের উপর মহামারীর প্রভাব, বিশ্বজুড়ে ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়া, এবং সামাজিক ব্যবসার ধারণা প্রয়োগের মাধ্যমে এসব সমস্যা মোকাবেলার অভিজ্ঞতা বিষয়ে বক্তব্য দিতে মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান হয়েছিল।
মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্যে নিম্ন আয়ের দেশের মানুষদের নিকট টিকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বৈশ্বিক ব্যবস্থার ব্যর্থতার উপর বিশেষভাবে আলোকপাত করেন।
তিনি মেধা স্বত্ব প্রত্যাহারের মাধ্যমে টিকাকে একটি সর্বসাধারণের পণ্যে পরিণত করার প্রচারাভিযানে সমর্থন দিতে পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি যাবতীয় টিকা ও ওষুধকে দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে তাঁর সোশ্যাল বিজনেস ফার্মাসিউটিক্যাল কোম্পানী তৈরীর প্রস্তাবও তাঁদের কাছে তুলে ধরেন।
সভায় উপস্থিত পার্লামেন্ট সদস্যদের মধ্যে ছিলেন ড. হলজের বেকার (এসপিডি), এমপি ফ্রাঙ্ক মুলার-রোজেনট্রিট (এফডিপি), এমপি সান্দ্রা বুবেনডরফের-লাইক্ট (এফডিপি), এমপি ভল্কমার ক্লাইন (সিডিইউ), এমপি ড. ক্রিস্টিয়ানে শেন্ডারলাইন (সিডিইউ), এমপি আলেকজান্ডার র্যাডওয়ান (সিএসইউ) এবং এমপি ক্যানান বেরাম (বুন্ডনিস ৯০ / দি গ্রুনেন)।
উল্লেখ্য, অধ্যাপক ইউনূস ইউনূস সোশ্যাল বিজনেস-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বার্লিন সফর করেছেন।
মিস সাসকিয়া ব্রুয়েস্টেন এর নেতৃত্বে কোম্পানিটি ব্রাজিল, ভারত, কলম্বিয়া, উগান্ডা, কেনিয়া ও রুয়ান্ডায় সামাজিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে।
কোম্পানিটি এরই মধ্যে ৫টি দেশে ২০৭০টি সামাজিক ব্যবসা গড়ে তুলতে ১.৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এসব ব্যবসায়ে এ পর্যন্ত ১৩ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ১.৭৮ কোটি মানুষ এসব ব্যবসা থেকে প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছে।
ইউনূস সোশ্যাল বিজনেস এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয় ২ জুন যেখানে এর কার্যক্রমভূক্ত সকল দেশের ১৫০ জন প্রতিনিধি ও ঊর্দ্ধতন নির্বাহীগণ যোগ দেন।
অনুষ্ঠানে আরো অংশ নেন জার্মানী ও ইউরোপের অন্যান্য দেশ থেকে আগত ইউনূস সোশ্যাল বিজনেসের সমর্থকগণ, কর্পোরেট নেতৃবৃন্দ, এবং মিডিয়া প্রতিনিধিগণ।
ইউনূস বলেন, বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা বিশ বছর বয়সী দুজন জার্মান তরুণী একরকম শূন্য হাতে ইউনূস সোশ্যাল বিজনেসের গোড়াপত্তন করেছিলেন।
আনন্দ প্রকাশ করে তিনি বলেন তাঁদের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আজ বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা তাঁদের এ পর্যন্ত বিভিন্ন অর্জন এবং আগামী এক দশকের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এরপর ইউনূস ইটালির ট্রেনটোর উদ্দ্যেশে বার্লিন ত্যাগ করেন যেখানে তিনি ট্রেনটো অর্থনৈতিক উৎসব শীর্ষক একটি বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলনে টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য সামাজিক ব্যবসা উদ্যোগ বিষয়ে ভাষণ দেবেন।