জানুয়ারিতে মজুরি বাড়লেও বৃদ্ধির হার কম


এফই প্রতিবেদন | Published: February 09, 2021 09:47:54 | Updated: February 09, 2021 18:46:07


জানুয়ারিতে মজুরি বাড়লেও বৃদ্ধির হার কম

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে শ্রমিকদের নামিক (নমিনাল) মজুরি গড়ে ৬ দশমিক ১৯ শতাংশ হারে বেড়েছে। নামিক মজুরি বৃদ্ধির এ হার অবশ্য গত বছরের একই সময়ের চেয়ে কম। ২০২০ সালের জানুয়ারি মাসে নামিক মজুরি বাড়ার হার ছিল ৬ দশমিক ৫৬ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যে মজুরি সূচক প্রকাশ করেছে, তাতে এ তথ্য মিলেছে।

সাধারণভাবে নামিক মজুরি বলতে একজন শ্রমিক তার কাজের বিনিময়ে নির্ধারিত সময়ে যে পরিমাণ টাকা পেয়ে থাকেন, তাকেই বোঝানো হয়।

বিবিএস দেশের কৃষি, শিল্প ও সেবা খাতের ৪৪টি উপখাতের আধা-দক্ষ ও অল্প পারিশ্রমিক পেয়ে থাকা শ্রমিকদের মাসওয়ারী নামিক মজুরি বিবেচনায় নিয়ে মজুরি সূচক প্রস্তুত ও প্রকাশ করে থাকে।

প্রতি মাসে মজুরি সূচকের পরিবর্তনের হারকে নামিক মজুরি বাড়া বা কমার নির্দেশক হিসেবে বিবেচনা করা হয়।

বিবিএসের জানুয়ারির সূচক অনুসারে, এ সময়ে কৃষির নামিক মজুরি বেড়েছে ৬ দশমিক ৪৪ শতাংশ। অবশ্য গত বছর জানুয়ারিতে এই হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ।

আবার চলতি বছর জানুয়ারিতে শিল্পখাতের মজুরি সূচক ৫ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। তবে গত বছর জানুয়ারিতে এই হার ছিল ৬ দশমিক ১৪ শতাংশ।

বিবিএসের হিসেব অনুসারে, চলতি বছর প্রথম মাসে সেবাখাতের নামিক মজুরি বৃদ্ধির হার ৬ দশমিক ১৬ শতাংশ। আর গত বছর জানুয়ারিতে এই হার ছিল ৬ দশমিক ৫২ শতাংশ।

Share if you like