সিলিন্ডার বিস্ফোরণের মতো ঘটনায় ক্ষতি এড়াতে জাতীয় অনুষ্ঠানে গ্যাসচালিত গাড়ি নিয়ে ঢোকা নিষিদ্ধ করা হচ্ছে।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা ঘিরে বৃহস্পতিবার নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এর কারণ দেখিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আপনারা জানেন, মাঝে মধ্যে গ্যাস সিলিন্ডার বিপত্তি ঘটায়। সেদিকে লক্ষ্য রেখে আমরা এটা করতে যাচ্ছি।”
গ্যাসচালিত গাড়িতে জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার হয়, তার সিলিন্ডারটি বিস্ফোরণের নজির অনেক রয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, প্যারেড গ্রাউন্ড ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এসব উৎসবস্থল যেমন জাতীয় প্যারেড স্কয়ার, সংসদ ভবন, টুঙ্গিপাড়ার এক কিলোমিটারের মধ্যে কোনো গ্যাস সিলিন্ডারের গাড়ি রাখা যাবে না। এক কিলোমিটার দূরে গাড়ি রেখে সভাস্থলে আসতে হবে। সেই নিষেধাজ্ঞাটা আমরা জারি করব।”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু হয়েছিল ২০২০ সালের মার্চে। বছরব্যাপী অনুষ্ঠান এই বছরের মার্চে শেষ হওয়ার কথা থাকলেও মহামারীর কারণে সমাপনী অনুষ্ঠানটি পেছানো হয়েছে। পাশাপাশি স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠানও হচ্ছে।
আসাদুজ্জামান কামাল বলেন, “অনেকগুলো অনুষ্ঠান নভেম্বরের শেষ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত পালন করা হবে। বিদেশ থেকে মেহমানরা অনুষ্ঠানগুলোতে আসবেন। দুজন রাষ্ট্রপ্রধান হয়ত আসতে পারেন।”
বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুই দিনব্যাপী (১৬ ও ১৭ ডিসেম্বর) অনুষ্ঠানের আয়োজন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অনুষ্ঠান ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য একটি উপ-কমিটি এবং দেশি-বিদেশি অতিথিদের নিরাপত্তার জন্য আরেকটি উপ-কমিটি করা হয়েছে।
“১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড স্কয়ারে আরেকটি অনুষ্ঠান হবে। সবকিছু মিলিয়ে ডিসেম্বর মাসটি অনুষ্ঠানের মাসে পরিণত হচ্ছে। নিরাপত্তার প্রশ্নে যা যা করার আমরা সবই করব।”
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর টুঙ্গিপাড়ায় অনুষ্ঠান হবে এবং সেখানে গ্রাম বাংলার লোকজ শিল্পকে তুলে ধরা হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও যাবেন।
