জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী 


এফই অনলাইন ডেস্ক | Published: August 05, 2022 17:09:34 | Updated: August 06, 2022 14:28:36


জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী 

জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ ছয় কর্মকর্তা এ মাসের শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক আদেশে জানিয়েছে, জাতিসংঘ সদর দপ্তরে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

তারা ৩০ অগাস্ট বা তার কাছাকাছি সময়ে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে আদেশে জানানো হয়েছে।

সফর ও ট্রানজিটের সময় তারা কর্মরত হিসেবে গণ্য হবেন জানিয়ে আদেশে বলা হয়, এ সফরের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, এ মাসের শেষের দিকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি স্যারসহ ছয়জনের নিউ ইয়র্ক যাওয়ার শিডিউল রয়েছে।

Share if you like