Loading...
The Financial Express

জন্মদিনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নিয়ে খুন করেন স্বামী: র‌্যাব


জন্মদিনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নিয়ে খুন করেন স্বামী: র‌্যাব

ঢাকার পান্থপথের আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাইম সিদ্দিকীকে গলা কেটে হত্যার ঘটনায় তার সঙ্গী রেজাউল করিম রেজাকে গ্রেপ্তার করার পর র‌্যাব জানিয়েছে, দুই বছর আগে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলেন তারা।

কিন্তু রেজার সঙ্গে অন্য নারীর সম্পর্কের কথা জান্নাত জেনে ফেলায় তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হচ্ছিল। এর জের ধরে জন্মদিন উদযাপনের কথা বলে ১০ অগাস্ট স্ত্রীকে নিয়ে পান্থপথের ফ্যামিলি অ্যাপার্টমেন্ট হোটেলে ওঠেন রেজা। সেখানে জান্নাতকে গলা কেটে হত্যার কথা তিনি ‘স্বীকার করেছেন’ বলে র‌্যাবের ভাষ্য। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার রাতে ওই হোটেলের ৩০৫ নম্বর কক্ষ থেকে পুলিশ ২৭ বছর বয়সী জান্নাতের গলা কাটা লাশ উদ্ধার করে।

মগবাজারের কমিউনিটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে ঢাকা মেডিকেল কলেজে গাইনি বিষয়ে একটি কোর্সে করছিলেন জান্নাত। আর রেজা একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করছিলেন।

তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশকে জানিয়েছিল জান্নাতের পরিবার। রেজাকে আসামি করে বৃহস্পতিবারই একটি মামলা দায়ের করেছিলেন ওই তরুণীর বাবা।

ছায়া তদন্তে নেমে হোটেলের সিসি ক্যামেরার ভিডিও, মোবাইল ফোনের কল লিস্ট ধরে অনুসন্ধান চালিয়ে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের মুরাদপুর এলাকার একটি মেস থেকে ৩১ বছর বয়সী রেজাকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব।

এরপর শুক্রবার ঢাকায় সংবাদ সম্মেলন করে ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

রেজাকে জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, ২০১৯ সালে ফেইসবুকে পরিচয় থেকে দুজনের পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২০ সালের অক্টোবরে তারা পরিবারের অগোচরে কাজী অফিসে বিয়ে করে ফেলেন।

 “তারা স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আবাসিক হোটেলে থাকতেন। এর মধ্যে একাধিক নারীর সাথে রেজার সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানতে পেরে জান্নাত আলাপের মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন।

 “এ নিয়ে তাদের মাঝে বিভিন্ন সময় বাগবিতণ্ডা হত। তাই রেজা এক পর্যায়ে তার প্রতিবন্ধকতা দূর করতে জান্নাতকে সুবিধাজনক স্থানে নিয়ে হত্যার পরিকল্পনা করেন।”

Share if you like

Filter By Topic