রাজধানীর উত্তরায় একটি কোচিং সেন্টার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
মেসবাউল আজিম নামে ওই শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়তেন। তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল।
উত্তরা ৬ নম্বর সেক্টরে মেসবাউলরা তিন ভাই মিলে একটি কোচিং সেন্টার চালাতেন। সেখান থেকে রোববার রাতে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে মেসবাউল ‘আত্মহত্যা করেছেন’ বলে ধারণা করার কথা জানিয়ে উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম বলেন, “অপমৃত্যুর মামলা হয়েছে। আমরা মামলা তদন্ত করছি।”
সোহরাওয়ার্দী হাসাপাতালে ময়না তদন্ত শেষে দাফনের জন্য মেসবাউলের মৃতদেহ গ্রামের বাড়ি বরিশালে নিয়ে যাওয়া হচ্ছে।
