ছয় দিন পর তিনশর বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত


FE Team | Published: October 27, 2021 17:30:10 | Updated: October 27, 2021 21:57:55


পুরান ঢাকার লালবাগে ঢাকা মহানগর শিশু হাসপাতাল কেন্দ্রে করোনাভাইরাসের টিকা নিতে আসা মায়েদের ভিড়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছয় দিন পর দেশে তিনশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে এক দিনে; নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও সামান্য বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩০৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৭ জনের, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এর আগে সর্বশেষ ২০ অক্টোবর তিনশর বেশি রোগী শনাক্ত হয়েছিল, তারপর গত ছয় দিনে শনাক্ত রোগীর সংখ্যা দুইশ থেকে তিনশর মধ্যেই ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৮৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

Share if you like