ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’  ঢাবি ছাত্রীর মৃত্যু


FE Team | Published: June 01, 2022 22:49:42 | Updated: June 02, 2022 14:34:57


প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বুধবার বিকালে জায়না হাবিব প্রাপ্তি (২৩) নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

ওই এলাকার ভিডিও ফুটেজ বিশ্লেষণের পর এ ঘটনাকে আত্মহত্যা বলে মনে করছেন আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান।

তার ভাষ্য, এটা ক্লিন সুইসাইড। আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয়েছি। বিকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জায়না হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। তার বাবা হাবিবুল আজিজ প্রকৌশলী বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মুজিব পাটোয়ারি জানান, ভিডিও ফুটেজে দেখা গেছে তিনি ১৬ নম্বর ভবনের ছাদের দরজা ভেতর থেকে লাগিয়ে ছাদে পায়চারি করছেন। এরপর মোবাইল ও একটি চিরকুট রেখে তিনি লাফিয়ে পড়েন।

ওই চিরকুটে ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে হতাশার কথা রয়েছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে প্রাপ্তি বড়, ভাই ছোট। তারা ওই ভবনের দোতলার একটি ফ্ল্যাটে থাকেন।

Share if you like