Loading...

চীন থেকে আসা জাহাজের ৭ নাবিক করোনাভাইরাসে আক্রান্ত

| Updated: August 24, 2021 21:04:15


চীন থেকে আসা জাহাজের ৭ নাবিক করোনাভাইরাসে আক্রান্ত

চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি জাহাজের ৭ নাবিকের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

জাহাজটি এখন বন্দরের বহির্নোঙরে রয়েছে। জাহাজের সব নাবিক জাহাজেই কোয়ারেন্টিনে রয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

সোমবার সহকারী বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল আবছার  বলেন, জাহাজটির ২১ নাবিকের নমুনা পরীক্ষায় সাতজনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে।

“কয়েকজনের মধ্যে উপসর্গ থাকায় বহির্নোঙরে থাকা জাহাজটির সকল নাবিক কোয়ারেন্টিনে ছিলেন। করোনাভাইরাস শনাক্ত হওয়া সাত নাবিক এখনও জাহাজে আছেন। তাদের বিষয়ে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট জাহাজের এজেন্ট কর্তৃপক্ষ।”

বন্দর কর্মকর্তারা জানান, সারবাহী এমভি সেরেন জুনিপার নামের জাহাজটি বহির্নোঙরে আসার পর কয়েকজন নাবিকের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তা থেকে পণ্য খালাস বন্ধ করে দেওয়া হয়। এরপর জাহাজে স্বাস্থ্য সহকারী পাঠিয়ে সব নাবিকের নমুনা নেওয়া হয়।

চীন থেকে গত ১২ অগাস্ট বন্দরের আউটারে আসা জাহাজটিতে ৪৬ হাজার ৩০০টন ডিএপি সার রয়েছে। জাহাজটির ২১ নাবিকের মধ্যে ফিলিপিন্সের ১৬ জন, ইউক্রেইনের তিনজন, রুমানিয়া ও রাশিয়ার একজন করে নাগরিক রয়েছেন।

 

Share if you like

Filter By Topic