সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
প্রায় দুই সপ্তাহ ধরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানান তার ছেলে রোশান হোসেন পাঠান, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রোশান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার রক্তে ইনফেকশন ধরা পড়েছে; সেই সঙ্গে পাকস্থলিতে রক্তক্ষরণ হচ্ছে। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”
গত ১৫ মার্চ খিঁচুনি উঠায় ফারুককে আইসিইউতে নেওয়া হয়; পর শারীরিক অবস্থার উন্নতি হলে ১৮ মার্চ কেবিনে স্থানান্তর করা হয়। ২১ মার্চ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে দ্বিতীয় দফায় তাকে আইসিইউতে নেওয়া হয়; এখনও আইসিইউতে আছেন বলে জানান তার ছেলে।
নিয়মিত চেকআপের জন্য মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর গিয়েছেন ফারুক। চেকআপের মধ্যেই শারীরিক জটিলতা নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি।
এক সময়ে জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
