চার ঘণ্টা পর ট্রেন চালু গাজীপুরে


FE Team | Published: January 01, 2022 17:05:55 | Updated: January 02, 2022 09:26:20


চার ঘণ্টা পর ট্রেন চালু গাজীপুরে

গাজীপুরে ইঞ্জিন বিকল হওয়া নীলসাগর ট্রেন চার ঘণ্টা পর সচল হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ আবার শুরু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

ঢাকা থেকে ইঞ্জিন এনে শনিবার বিকেল ৩টা ৫মিনিটে নীলসাগরকে সচল করা হয় বলে জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক স্টেশন ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি স্থানে নীলসাগরের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ওই পথে সব ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় গাজীপুরের মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা আটকা পড়ে।

স্টেশন মাস্টার রেজাউল বলেন, নীলসাগরের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় এক ঘণ্টা পর মৌচাক স্টেশনে যাত্রাবিরতিতে থাকা একতা এক্সপ্রেসের ইঞ্জিন এনে নীলসাগরকে মৌচাক স্টেশনে সরিয়ে নেওয়া হয়। পরে নীলসাগরের জন্য ঢাকা থেকে একটি ইঞ্জিন আনা হয়। সেই ইঞ্জিন যুক্ত করার পর বিকেল ৩টা ৫মিনিটে নীলসাগর তার গন্তব্য সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়।

Share if you like