Loading...
The Financial Express

চাকরি হারানোর ভয়ে শ্রমিকরা ঢাকায় এসেছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ধারণা

| Updated: August 02, 2021 11:10:16


চাকরি হারানোর ভয়ে শ্রমিকরা ঢাকায় এসেছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ধারণা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ঢাকার বাইরে থেকে হাজার হাজার শ্রমিক রাজধানীতে ফেরার কারণে যে পরিস্থিতির তৈরি হয়েছে তার জন্য সরকার প্রস্তুত ছিল না।

তিনি বলেন, “বিভিন্ন কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে: যার মধ্যে একটি হচ্ছে শ্রমিকরা চাকরি চলে যাওয়ার ভয়ে হয়তো রাজধানীমুখী হয়েছে, অথবা যেসব কারখানা শীর্ষ স্থানে নেই তারা হয়তো তাদের সংগঠনের শর্ত মানে নি, যে কারণে তারা শ্রমিকদের চলে আসার নির্দেশ দিয়েছে।”

তিনি বলেন, "...তারা আসা শুরু করলে একটা পরিস্থিতির তৈরি হয়, যার জন্য সরকার প্রস্তুত ছিল না, অথবা তারা দায়িত্বশীলভাবে এটা করবে, সেটাই আমাদের ধারণা ছিল।"

করোনাভাইরাস মহামারির কারণে জারি করা কঠোর বিধি-নিষেধের মধ্যেও শুক্রবার শর্ত সাপেক্ষে রপ্তানিমুখী শিল্প-কারখানা রোববার থেকে খুলে দেয়ার কথা ঘোষণা করে সরকার। এর পর পরই রাজধানীতে ফিরতে থাকে হাজার হাজার শ্রমিক।

শনিবার মুন্সিগঞ্জের শিমুলিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে হাজার হাজার মানুষকে নদী পার হতে দেখা গেছে। যানবাহন পরিবর্তন করে, পণ্যবাহী যানের ছাদে ওঠে বা হেঁটে তাদের ঢাকার পথে রওনা দিতে দেখা গেছে।

তাদের এমন ভোগান্তি কমাতে শনিবার সন্ধ্যার পর আরেক ঘোষণায় বলা হয় যে, রাত আটটা থেকে পরের দিন রবিবার বেলা ১২টা পর্যন্ত গণপরিবহন চলবে।

কারখানা খোলার শর্তে সরকার বলেছিল যে, শুধু ঢাকা এবং এর আশেপাশে থাকা শ্রমিকদের নিয়ে সীমিত পরিসরে কারখানা খোলা যাবে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, "তাদেরকে (তৈরি পোশাক কারখানার মালিক) সরকার খুব স্পষ্টভাবে বলে দিয়েছিল যে তারা কী করবে, কিন্তু তারা ফেল করেছে।"

"বিজিএমইএ এবং বিকেএমইএ যে তারা তাদের কমিটমেন্টে ফেল করলো, সেটা কী কী কারণে হলো, সেটা তারাও দেখবে আমরাও দেখবো," বলেন মি. হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বড় কারখানাগুলো শর্ত মানলেও ছোট ছোট কিছু কারখানা হয়তো শর্ত রাখতে পারেনি।

আর সবাইকে কাজে যোগ দিতে হবে-এমন গুজব ছড়ানোর কারণেও শ্রমিকরা ঢাকামুখী হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।

রোববার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চালুর অনুমতি থাকলেও পরে সেই সময়সীমা বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ বলছে, শ্রমিক-কর্মচারীদের অনুপস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থার জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল জানিয়েছেন, সোমবার সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে লঞ্চ চলবে।

Share if you like

Filter By Topic