Loading...

চাকরিজীবী নারী-পুরুষের বিয়ে বন্ধ করলে বেকারত্ব কমবে, সাংসদের দাবি

| Updated: September 04, 2021 19:03:16


রেজাউল করিম বাবলু রেজাউল করিম বাবলু

চাকরিজীবী নারী ও চাকরিজীবী পুরুষের মধ্যে বিয়ে বন্ধ করে দিলে বেকার সমস্যার সমাধান হবে বলে মনে করেন বগুড়া-৭ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।

শনিবার সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “চাকরিজীবী পুরুষ যাতে চাকরিজীবী নারীকে বিয়ে করতে না পারে কিংবা চাকরিজীবী নারী যাতে চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে না পারে, এরকম একটা আইন করা দরকার। এতে বেকার সমস্যার সমাধান হবে।”

“চাকরিজীবী দম্পতি একসাথে কাজ করতে বাইরে গেলে সন্তান গৃহকর্মীর হাতে নির্যাতন হয়। এজন্য আইনটি দরকার। এতে শিশু নির্যাতনও কমবে,” বলেন তিনি।

চাকরিজীবী নারী-পুরুষ যাতে বিয়ে করতে না পারেন সেজন্য আইনমন্ত্রীর কাছে একটি আইন করার দাবি জানান এই সংসদ সদস্য, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “এরকম প্রস্তাব নিয়ে আমি এখান থেকে দুই কদমও হাঁটতে পারবো না। আমি জনপ্রতিনিধি। বাক স্বাধীনতা আছে। তিনি (বাবলু) স্বাধীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারেন। আমি যা ইচ্ছা তাই করতে পারি না।”

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন বাবলু।

গত ১৭ নভেম্বর সংসদে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল- ২০০০’ সংসদে পাস হওয়ার সময় বাবলু বলেন, “নারীবাদীরা নারী স্বাধীনতার কথা বলে নারীদেরকে উন্মুক্ত করে চলছে। যার কারণেই ধর্ষকেরা ধর্ষণের অনুভূতিকে এতটা একসেপ্ট করেছে যে ধর্ষণে উৎসাহিত হচ্ছে।”

এর আগে আগ্নেয়াস্ত্র হাতে বাবলুর একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল।

Share if you like

Filter By Topic