চন্দ্রিমা উদ্যানে পুলিশের  সাথে সংঘর্ষ: বিএনপির ২৬ জন রিমান্ডে


FE Team | Published: August 18, 2021 21:09:32 | Updated: August 19, 2021 11:15:35


রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মঙ্গলবার সকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্যরা।

ঢাকার চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় শেরেবাংলা নগর থানায় করা মামলায় দলটির ২৬ জন নেতা-কর্মীকে দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বুধবার বিকালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জেল হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।

একই মামলায় আরও ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন তিনি।

আসামিদের পক্ষে রিমান্ড আবেদন বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া ও জয়নাল আবেদিন মেসবাহসহ প্রায় ৩০ জন আইনজীবী।

শুনানিতে তারা বলেন, পুলিশ ইচ্ছা করে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের কর্মসূচিতে বাধা দিয়ে এরপর গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনে যাওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

ওই ঘটনায় গ্রেপ্তার ৪৭ জনকে বুধবার আদালতে হাজির করা হয়। এরমধ্যে দুজন কিশোর বলে তাদের কিশোর সংশোধনগারে পাঠানো হয়েছে।

সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার পুলিশ একটি মামলা দায়ের করে। এরপর বুধবার মেট্রো রেল কর্তৃপক্ষ আরও দুটি মামলা করে।

Share if you like