Loading...
The Financial Express

চট্টগ্রাম জেলায় কোভিড শনাক্তের হার এক মাসের সর্বনিম্ন

| Updated: March 04, 2022 21:16:17


ফাইল ছবি ফাইল ছবি

চট্টগ্রাম জেলায় গত এক দিনে ১ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করে নয় জনের কোভিড শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৬ শতাংশ, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ম।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে কোভিড শনাক্তের সর্বনিম্ন হার ছিল শূন্য দশমিক ৮৯ শতাংশ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কোভিড আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নতুন রোগীদের মধ্যে সাতজনই চট্টগ্রাম মহানগরীর, বাকি দুজনের মধ্যে একজন হাটহাজারি এবং অন্যজন ফটিকছড়ির বাসিন্দা।

করোনাভাইরাসের ওমিক্রন ধরনের দাপটে গত বছরের ডিসেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। চট্টগ্রাম জেলায় ২৪ জানুয়ারি সর্বোচ্চ ৪০ শতাংশ উঠেছিল শনাক্তের হার। ফেব্রুয়ারির শুরু থেকে তা আবার নিম্নগামী হতে থাকে।

চট্টগ্রামে কোভিড শনাক্তের হার ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ৩ শতাংশের আশেপাশেই ছিল। গত ২৭ ফেব্রুয়ারি তা আরও কমে শূন্য দশমিক ৮৯ শতাংশ হয়।

পরের চার দিন শনাক্তের হার কিছুটা বাড়লেও ৩ শতাংশ ছাড়ায়নি। ১ মার্চ কোভিড শনাক্তের হার ছিল ২ দশমিক ৫০ শতাংশ, পরেরদিন ১ দশমিক ৫৯ শতাংশ এবং তারপরের দিন ছিল ১ দশমিক ৯১ শতাংশ।

গত বছরের ২২ নভেম্বর চট্টগ্রামে কোভিড শনাক্তের হার শূন্যের কোঠায় নেমেছিল। ওই দিন ৭৯২ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে এ ভাইরাসের উপস্থিতি মেলেনি।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫১৯ জন। এর মধ্যে ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে।

Share if you like

Filter By Topic