Loading...

ঘর ঠান্ডা রাখবে যেসব গাছ 

| Updated: May 23, 2022 21:10:30


ছবি: নার্সারিলাইভ  ছবি: নার্সারিলাইভ 

তীব্র গরমে শরীর - মন যেন একটু শীতল হাওয়ার স্পর্শে জুড়িয়ে যায়। দিন নেই রাত নেই, সিলিং এর ঐ ঝুলন্ত ফ্যানটা ঘুরেই চলেছে। নাহ, তাতেও যখন ঠিক স্বস্তি মেলে না ছাদের তলায় জায়গা করে নেয় এসি। এ যেন যন্ত্রযোগে জীবনের স্বাচ্ছন্দ্য খুঁজে চলা। অথচ প্রকৃতির দান গ্রহণ করে যন্ত্রনির্ভরতা খানিকটা কমিয়ে এই গরমের দিনে স্বস্তি পাওয়া যেতে পারে।  

ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক প্রকৃতি প্রেমী ঘরে বেশ সুন্দর করে বাহারি গাছ সাজিয়ে রাখেন। তবে কেবল সৌন্দর্য বর্ধনে নয়, এমন অনেক গাছ রয়েছে যা ঘরের ভেতরের আবহাওয়াকে শীতল রাখতে সাহায্য করে।  

তবে গাছগুলো সম্পর্কে জানার আগে গাছ ঠিক কীভাবে ঘরের পরিবেশকে শীতল রাখতে সাহায্য করে তা জেনে নেয়া যাক।  

নাসা’র আর্থ সায়েন্স স্টাডির তথ্য অনুসারে, গাছ স্বেদন প্রক্রিয়ার মাধ্যমে গরম বাতাস শোষণ করে এবং পরিবেশে অক্সিজেন ও শীতল আর্দ্রতা ছড়িয়ে দেয়।  

অ্যালোভেরা 

ত্বকের যেকোনো সমস্যায় অ্যালোভেরার জুড়ি মেলা ভার। তবে এর পাতায় প্রচুর পরিমাণে জলীয় পদার্থ থাকার কারণে তা বাষ্পাকারে বের করে দেয় ফলে পরিবেশ ঠান্ডা থাকে। এছাড়াও, অ্যালোভেরা বাতাসে উপস্থিত ফরমালডিহাইড  এবং বেনজিন শোষণ করে নেয়। 

ব্যাম্বু প্লাম 

এই গাছের লম্বা পাতা এয়ার হিউমিডিফায়ার এবং পিউরিফায়ার হিসেবে কাজ করে। এছাড়াও পরিবেশ থেকে বেনজিন ও ট্রাইক্লোরো ইথাইলিন দূর করতে সাহায্য করে। 

উইপিং ফিগ 

ঘরের ভেতরে খুব সুন্দরভাবে এই গাছগুলো বেড়ে উঠে এবং গাছে প্রচুর পাতা থাকে ফলে স্বেদনও বেশি হয়। বাতাসে কোনো ভারী ধাতুর উপস্থিতি থাকলে তা দূর করে। 

স্নেক প্ল্যান্ট 

এই গাছের আরেকটি নাম রয়েছে, ‘মাদার ইন লস টাঙ’। এই গাছ অনেক রসালো এবং রাতে অক্সিজেন নিঃসরণ করে ফলে ঘরের বাতাস শীতল থাকে। অ্যালোভেরার মতো এই গাছগুলোও বাতাসে উপস্থিত ফরমালডিহাইড  এবং বেনজিন শোষণ করে নেয়। 

পিস লিলি 

যে গাছে যত পাতা, সেই গাছ পরিবেশকে তত বেশি শীতল রাখে। আর এই গাছের পাতাগুলোও বেশ বড় বড়। পরিবেশ থেকে বিভিন্ন রকম বিষাক্ত পদার্থের পরিমাণ কমিয়ে আনে।  

বোস্টন ফার্ন 

ব্যাম্বু প্লামের মতো বোস্টন ফার্মও এয়ার হিউমিডিফায়ার এবং পিউরিফায়ার হিসেবে কাজ করে। বায়ুতে উপস্থিত নানা রকম উদ্বায়ী জৈব যৌগসমূহকে দূর করে।  

মানি প্লান্ট 

এটি একটি চমৎকার এয়ার হিউমিডিফায়ার হিসেবে কাজ করে। শুধু কি তাই, ঘরে ভেতরে থাকা নানা রকম দূষিত পদার্থ, যেমন-ফরমালডিহাইড , বেনজিন, জাইলিন এবং কার্বন মনোক্সাইড দূর করে।  

স্পাইডার প্লান্ট 

গাছ প্রেমীদের খুব পছন্দের একটি গাছ হচ্ছে এই স্পাইডার প্লান্ট। খুব অল্প পরিশ্রমে আর সহজেই ঘরের ভেতরে এই গাছের চাষ হয়। ঘরের পরিবেশ ঠান্ডা রাখার পাশাপাশি বাতাসে উপস্থিত ক্ষতিকর দূষিত পদার্থ শোষণ করে নেয়।  

চাইনিজ এভারগ্রিন 

এর অনেকগুলো জাত রয়েছে। তবে ঘর ঠান্ডা রাখার জন্য লাস ফলিয়েজ জাতের গাছগুলোর তুলনা হয় না। এই গাছগুলোও বাতাসে উপস্থিত পদার্থগুলোকে দূর করে। 

রাবার প্ল্যান্ট 

এই গাছের পাতাগুলো বড় বড় তাই ঘর ঠান্ডা রাখার ক্ষমতাও এদের বেশি। বাতাসে উপস্থিত ফরমালডিহাইডকে শোষণ করে পরিবেশকে বিশুদ্ধ রাখতেও সাহায্য করে। 

শবনম জাবীন চৌধুরী ইউনিভার্সিটি  অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। 

zabin860@gmail.com 

Share if you like

Filter By Topic