আজ প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে পৃথিবী নিস্তব্ধ কোভিড-১৯ পরিস্থিতির কারণে। বাইরে না গিয়ে ঘরে বসে থাকাটা আজ আর বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা। তবুও, করোনাকালীন এই ঈদ-উল-আযহায় ঘরে বসে থাকাটা হয়তো এতটাও দুর্বিষহ হয়ে উঠবে না, যদি আপনি টিভি নাটক এবং ওয়েব কন্টেন্টের অনুরাগী হন। করোনাকালের হিসেবে চিন্তা করলে বেশ ভালো পরিমাণ ও মানের কাজ এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে। চলুন, এদের মধ্যে কয়েকটি কাজ সম্পর্কে একটু জেনে নেয়া যাক।
শেষ কয়েক বছরে টিভি নাটক বিষয়ে বাংলাদেশী দর্শকদের একটা অভিযোগ খুব ঘনঘন শোনা যাচ্ছিল, টিভি নাটকগুলো নাকি আগের মতো পারিবারিক গল্পের হয় না। এ ঈদের উদযাপনে হয়তো অভিযোগটি অনেকটা হালকা হলেও হতে পারে। পারিবারিক গল্পের বেশ কয়েকটি নাটক এই ঈদে বিভিন্ন মাধ্যমে প্রচার পাচ্ছে। ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ‘মায়ের ডাক’ নামে একটি নাটক আসছে মাবরুর রশীদ বান্নাহ’র পরিচালনায়, অভিনেতাদের তালিকাটা বেশ চমকপ্রদই। নাটকটিতে অভিনয় করছেন কিংবদন্তিসম দিলারা জামান, সাথে রয়েছেন হালের ছ’জন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী- তাহসান খান, তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান, জাকিয়া বারী মম, তাসনিয়া ফারিন, কেয়া পায়েল প্রমুখ। এছাড়াও সিডি চয়েজের ব্যানারে আসছে নাটক ‘বাবা তোমাকে ভালোবাসি’। তিন বৃদ্ধ বন্ধুর দীর্ঘ বিচ্ছেদের পর মিলিত হওয়ার প্রতিশ্রুতির গল্প নিয়ে এই নাটকটি। তিন বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের নাট্যজগতের তিন প্রিয় মুখ- মামুনুর রশীদ, আবুল হায়াত এবং ফজলুর রহমান বাবু। এছাড়াও তরুণদের মধ্যে আছেন জোভান, ফারিন প্রমুখ।
নব্বইয়ের দশকের কিশোর-যুবকদের চোখে আজীবন ভুবনমোহিনী অভিনেত্রী হয়ে থাকা ঈশিতাও আসছেন পারিবারিক গল্পের একটি নাটক নিয়ে, যার নাম ‘নট আউট’, পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটিতে ঈশিতার সাথে তার ছোট ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন খায়রুল বাসার, নিম্ন-মধ্যবিত্ত একটি পরিবারের দৈনন্দিন উত্থান-পতনের গল্প এটি। নাটকটি আসবে ঈদের চতুর্থ দিন, আরটিভিতে। এছাড়াও আসছে মোশাররফ করিম, জাকিয়া বারী মম, আবুল হায়াত অভিনীত ‘শেষ প্রান্তে’ নাটকটি। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এটিও একটি পারিবারিক গল্পের নাটক, আসছে আরটিভিতে।
তবে ‘শেষ প্রান্তে’ই মোশাররফ করিম এবং জাকিয়া বারী মম জুটির ‘শেষ’ নাটক নয় এই ঈদে, এটি ছাড়াও আরও দু’টি নাটকে জুটি বেঁধেছেন এই দুই অভিনেতা অভিনেত্রী। এদের মধ্যে একটি হচ্ছে ‘বদলে যাওয়া মানুষ’, আসছে এনটিভিতে, সকাল আহমেদের পরিচালনায়। অন্যটি হচ্ছে আরটিভির নাটক ‘তুলা মীন মকর’, পরিচালনায় আছেন ইমরাউল রাফাত। তবে এই জুটির বাইরেও মোশাররফ করিমের বেশ ভালো কিছু কাজ আসছে এই ঈদে। তাদের মধ্যে প্রথমেই যে নাটকটির কথা বলা উচিত, সেটি হচ্ছে ‘অভিনেতা’। রাকেশ বসুর গল্প ও পরিচালনায় নাটকটিতে মোশাররফ করিমের পাশাপাশি অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তানিয়া বৃষ্টি প্রমুখ।
উল্লিখিত এসব নাটক ছাড়াও আরও অনেকগুলো নাটক ঈদের বিভিন্ন দিনে বিভিন্ন টিভি ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। এদের মধ্যে আছে মেহজাবিন ও মনোজ প্রামাণিক অভিনীত ভিন্নধর্মী গল্পের নাটক ‘আলো’, আছে আফরান নিশো অভিনীত থ্রিলারধর্মী নাটক ‘কায়কোবাদ’, ‘পুনর্জন্ম’; একটিতে নিশোর বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা, এবং অন্যটিতে আছেন মেহজাবিন। রয়েছে মম এবং ইরফান সাজ্জাদের রোমান্টিক ঘরানার নাটক ‘নীলা ডেকেছিলো’, সাফা কবির-জুনায়েদ বুকদাদির ‘প্রেসক্রিপশন’, কাজল আরেফিন অমির ভূতের নাটক ‘অদ-ভূত’ ইত্যাদি।
এবার আসা যাক ওটিটির দিকে। কোভিডকালে মূলত ঘরে বসে বিনোদনের জায়গাটি পাকাপোক্ত করতে সারা বিশ্বে জয়জয়কার শুরু হয় ওটিটি প্ল্যাটফর্মের, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে ইতোমধ্যে বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম পথচলা শুরু করেছে। ঈদে ওটিটিতে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি কাজ। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্গবিডি’র তিন পর্বের অ্যান্থলজি সিরিজ ‘বউ ডায়েরিজ’। এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ইয়াশ রোহান, স্পর্শিয়া, রওনক হাসান, মৌটুসী বিশ্বাস প্রমুখ।
ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ ঈদ-উল-আজহা উপলক্ষে এসেছে শ্যামল মাওলা, সুনেরাহ বিনতে কামাল, সাঈদ বাবু, ইয়াশ রোহান প্রমুখ অভিনীত আট পর্বের ওয়েব সিরিজ ‘পঁচিশ’।
আর ঈদ-উল-আজহাকে সামনে রেখে যারা নিজেদের যাত্রাটিই শুরু করল, সেই চরকি’তেও ঈদ আয়োজনে আসছে একাধিক মানসম্মত সিনেমা ও সিরিজ। ঈদে চরকিতে আসছে বিখ্যাত নির্মাতা আদনান আল রাজীবের বহুল প্রত্যাশিত সিনেমা ‘ইউটিউমার’, যাতে অভিনয় করেছেন হালের ক্রেজ, গায়ক প্রীতম হাসান এবং জিয়াউল হক পলাশ। এছাড়াও, এই চরকিতেই আসছে একঝাঁক তরুণ তারকা নিয়ে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘নেটওয়ার্কের বাইরে’। তাছাড়া, ইতোমধ্যে শুরু হওয়া ‘ঊনলৌকিক’ ওয়েব সিরিজটিও চরকির ঈদ আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য।
এই ঘরবন্দী ঈদে মানুষের বিনোদনের সবচেয়ে সহজলভ্য উপায় খুবসম্ভবত এই টিভি ও ওটিটির নাটক-সিরিজগুলো। কিন্তু সত্যিকার অর্থেই বিনোদনের খোরাক উৎপাদনে এরা কতটুকু সফল? এ বিষয়ে মতামত জানতে চাইলে অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী অনামিকা সরকার বলেন, “বর্তমানে টিভি নাটকের মান আগের থেকে কিছুটা হলেও বেশি। এটা আসলে দর্শকের ওপর নির্ভর করে অনেকটা, দর্শক যেমন গল্প, যেমন অভিনেতা চান, নির্মাতারা সাধারণত তেমনটার যোগান দেয়ার চেষ্টা করেন। দর্শক যেহেতু সচেতন হচ্ছেন, কাজেই কিছুটা হলেও নাটকের মান বাড়ছে, কিংবা জনপ্রিয় অভিনেতারাও ভালো কাজ করার প্রতি সচেষ্ট হচ্ছেন। আর ওটিটিতে আমরা বেশ কিছু বিশ্বমানের কাজ ইতোমধ্যেই দেখেছি, আশা করা যায়, এই প্ল্যাটফর্মে আমরা অতি দ্রুতই ভালো কিছু করে দেখাতে পারব।”
বাংলাদেশের টিভি নাটকের জগতে সত্যিই উন্নয়নের জোয়ার এসেছে। যেখানে কয়েক বছর আগেও ঈদের অনুষ্ঠানমালার সিংহভাগ জুড়ে থাকতো শুধুই প্রেমবিষয়ক কিংবা সস্তা ভাঁড়ামোজাতীয় নাটক, সেখানে আজ পারিবারিক থেকে শুরু করে থ্রিলার, সবধরনের নাটকই আমরা দেখতে পাই। আর বাংলাদেশী ওয়েব প্ল্যাটফর্ম থেকে নিতান্ত শিশু বয়সেই যে ধরনের কাজ বেরিয়ে এসেছে, আশা করাই যায়, আমাদের দেশে এসব ওটিটি প্ল্যাটফর্মের ভবিষ্যত বেশ উজ্জ্বল হবে। পরিশেষে এটাই বলা উচিত, এই ঈদে ঘরে থাকুন, আর ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত এসব নাটক-সিনেমা-সিরিজ উপভোগ করুন!
শুভদীপ বিশ্বাস বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ, তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন।
shuvodipbiswasturja1999@gmail.com
