নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউনের মধ্যে রাস্তায় নামায় ৯৭টি দূরপাল্লার বাসের চালক-মালিকের বিরুদ্ধে মামলা করেছে গাজীপুরের পুলিশ।
গাজীপুর শহরে ৪৫টি, চন্দ্রা ও কোনাবাড়ি এলাকায় ৪৬টি ও শ্রীপুর উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকায় ছয়টি বাসের মালিক ও চালকের বিরুদ্ধে এসব মামলা হয় বলে পুলিশ জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রোববার বিকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত পুলিশ এসব মামলা করে।
গাজীপুর সিটি ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. মেহেদী হাসান বলেন, “সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দূরপাল্লার বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচল করছিল। রোববার বিকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত শহরে অভিযান চালিয়ে ৪৫টি বাসের চালক ও মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আর চন্দ্রা ও কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৬টি দূরপাল্লার বাসের বিরুদ্ধে একই অভিযোগে একই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সালনা মহাসড়ক থানার ওসি মীর গোলাম ফারুক জানান।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন বলেন, শ্রীপুর উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকায় রোববার সন্ধ্যায় চলাচলের চেষ্টা করলে ছয়টি দূরপাল্লার বাসের চালকের বিরুদ্ধে মামলা করা হয়।
তাছাড়া রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে আরও ১০টি গাড়িকে ড্যাম্পিং করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান।
তবে লোকাল বাস, মিনিবাস, পণ্যবাহী ট্রাক, কভার্ড ভ্যান, অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন বিধি-নিষেধ জারি করে রেখেছে এক মাসের বেশি সময় ধরে। এসব বিধিনিষেধের আওতায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
