গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ট্রেক্সটাইল কারখানায় আগুন লেগে কাপড় ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
উপজেলার ময়েজ উদ্দিন ট্রেক্সটাইল মিলসে রোববার ঈদের সকালে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের গুদাম পরিদর্শক রাউফুজ্জামান জানান, সকাল ১০টার দিকে কারখানার চার তালা স্টিল স্ট্রাকচার ভবনের নিচ তালায় আগুন লেগে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সোয়া ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা সোয়া ১২টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
“আগুনে কাপড় ও যন্ত্রপাতি পুড়ে গেছে। হতাহতের ঘটনা ঘটেনি।”
তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেনি পরিদর্শক রাউফুজ্জামান। এসব বিষয় তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।
