Loading...

গাজীপুরে এক স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ৫ 

| Updated: May 04, 2022 19:02:10


গাজীপুরে এক স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ৫ 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ঈদের দিন এক স্থানে দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।  

মঙ্গলবার বিকালে সফিপুর উড়ালসড়কের পূর্বপাশে এই দুর্ঘটনা ঘটে বলে সালনা (কোনাবাড়ি) হাইওয়ের ওসি মো. ফিরোজ হোসেন জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।   

নিহতরা হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাদুল্লাপুর গ্রামের মৃত আলতাব হোসেনের স্ত্রী রেণু বেগম (৫০), গাজীপুরের দক্ষিণ সালনার রমিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হোসেন (৪৫), জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী গ্রামের সাথী আক্তার (২৫), শরিফ হোসেন (২৮) এবং অজ্ঞাত পরিচয় (৪৫) একজন।  

ওসি ফিরোজ হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসড়কে পূর্বপাশে মহাসড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে উত্তরবঙ্গগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। 

ওসি জানান, ঘটনাস্থলেই অটোরিকশা চালক মারা যান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। এ সময় ওই অটোর আরও কয়েকজন যাত্রী আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেনু বেগম, শরীফ হোসেন ও সাথী আক্তারের মৃত্যু হয়। 

ওসি ফিরোজ হোসেন আরও জানান, এ দুর্ঘটনার ৫ মিনিট পরেই ওই ঘটনাস্থল থেকে অল্প দূরে সফিপুর ফ্লাইওভারের নিচে তাকওয়া পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষ হয়। এতে আহত মো. হোসেন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।  

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

সালনা হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন জানান, এনা পরিবহন ও অটোরিকশার সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। অপর দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী মারা গেছেন। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ হস্তান্তর করা হবে। 

Share if you like

Filter By Topic