Loading...

গণশুনানি: ইন্টারনেটে ধীরগতি নেটওয়ার্ক সমস্যার পুরনো অভিযোগ, আশ্বাস বিটিআরসির


গণশুনানি: ইন্টারনেটে ধীরগতি নেটওয়ার্ক সমস্যার পুরনো অভিযোগ, আশ্বাস বিটিআরসির

মোবাইল অপারেটরগুলোর সেবা নিয়ে বিটিআরসির গণশুনানিতে নেটওয়ার্ক সমস্যা, ইন্টারনেটে ধীরগতি, অতিরিক্ত টাকা কেটে নেওয়া, কলড্রপ, এমএনপি সেবায় ভোগান্তি ও ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য নিয়েই ঘুরেফিরে অভিযোগ করেছেন গ্রাহকরা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এর আগে ২০১৬ ও ২০১৯ সালের গণশুনানিতেও প্রায় একই অভিযোগ এসেছিল।

রোববার ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই গণশুনানিতে অনেক অভিযোগের তাৎক্ষনিক সমাধানের উপায় যেমন বাতলে দিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা, তেমনি কিছু বিষয়ে আশ্বাসও দিয়েছেন তারা।

গ্রাহকরা ভার্চুয়াল মাধ্যমে প্রশ্ন করলে বিটিআরসি কর্মকর্তারা সংস্থার সম্মেলন কক্ষ থেকে এগুলোর জবাব দেন।

দুপুর ২টা থেকে প্রায় তিন ঘন্টার এই গণশুনানিতে নানা প্রশ্ন ও অভিযোগ শুনে গণশুনানি কমিটির সভাপতি বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, “আমরা অনেক ধরনের অভিযোগের কথা শুনলাম। কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়েছে। আমরা সব সময় সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি।

“খুব বেশি কথা বলতে চাই না, সব তথ্য নিয়েই সব বিষয়ে কথা বলব। আমরা চাই ভুলগুলো ধরিয়ে দিন আমরা সেগুলো সমাধান করব।”

এবার গণশুনানিতে ২৬টি বেশির প্রশ্নের উত্তর দেওয়া হয়। এতে অংশ নিতে ইচ্ছুকরা আগে থেকেই অনলাইনে নিবন্ধিত ছিলেন।

গণশুনানিতে সোহাগ কায়সার নামে একজন নম্বর ঠিক রেখে অপারেটর বদলের এমএনপি সেবা নিয়ে ভোগান্তির কথা তুলে ধরে বলেন, “এক অপারেটর থেকে অন্য অপারেটরে গেলেও কয়েকদিন পর নেটওয়ার্ক চেইঞ্জ হয়, এতে ভোগান্তিতে পড়েছিলাম।”

বিটিআরসি মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ বলেন, “অপারেটর বদলে একটি নিদিষ্ট সময় পরে নেটওয়ার্ক পরিবর্তন হয়। তাও এ বিষয়ে খোঁজ নেওয়া হবে গ্রাহকদের অসুবিধা হচ্ছে কিনা।”

শিপু সাহা নামে এক গ্রাহকের অভিযোগ, “গ্রামীণফোন থেকে ৬৮ টাকা অতিরিক্ত ব্যালেন্স কেটে নেওয়ার পর অভিযোগ দিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি।”

এই সময় তার নম্বর যাচাই করে বিটিআরসি কর্মকর্তারা জানান, প্লাস ৮৮ দিয়ে কল করাতে তার খরচ বেশি হয়েছে, অতিরিক্ত কোনো টাকা কেটে নেওয়া হয়নি।

চাঁদপুর থেকে নিয়ামুল ইসলাম অভিযোগ করে বলেন, টাওয়ারের এক কিলোমিটারের মধ্যে থেকেও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না বিভিন্ন অপারেটরের। এ বিষয়ে টেলিটককে অভিযোগ দিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি।

এ বিষয়ে বিটিআরসি কর্মকর্তারা জানান, নেটওয়ার্ক সম্প্রসারণে অপারেটররা কাজ করছে, নতুন টাওয়ার লাইসেন্স দেওয়া হয়েছে এবং তারা অপারেশনে গিয়েছে।

আবদুল্লাহ মাহমুদ নামে একজন জানতে চান, মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে বিনা নোটিসে ছাঁটাই করা হচ্ছে- এ বিষয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা।

বিটিআরসি প্রধান শ্যাম সুন্দর সিকদার বলেন, “বিষয়টি গ্রামীণফোনের আভ্যন্তরীণ, তবুও এ বিষয়ে আলোচনা করে দেখতি পারি।“

পাভেল আহমেদ মোবাইল কলে ভ্যাট ও সারচার্জ বেশি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।

 

Share if you like

Filter By Topic