একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন বসছে সোমবার; প্রথম দিনেই চাকরির শর্তাবলী সম্পর্কিত গণমাধ্যম কর্মী বিল উপস্থাপনের সূচী রয়েছে।
এদিন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে। এর আগে গত ২৭ জানুয়ারি শেষ হয় ষোড়শ অধিবেশন।
সংসদের দুটি অধিবেশনের মাঝে ৬০ দিনের বেশি বিরতি রাখার নিয়ম নেই। এ সাংবিধানিক বাধ্যবাধকতায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৯ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।
অধিবেশনের প্রথম দিনে অন্যান্য কার্যাবলির মধ্যে গণমাধ্যম কর্মী আইন প্রণয়নে বিলটি তোলা হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গণমাধ্যম মালিক ও গণমাধ্যম কর্মীদের সম্পর্ক ও তাদের মধ্যকার বিরোধ উপস্থাপন ও নিষ্পত্তি, নিম্নতম বেতন হার নির্ধারণ, গণমাধ্যম কর্মীদের কল্যাণ ও চাকরির শর্ত ও কর্মপরিবেশসহ গণমাধ্যম কর্মীদের আইনি সুরক্ষা প্রদানে আনা চাকরির শর্তাবলীর আইনি কাঠামো দিতে এ আইন করা হচ্ছে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, সংসদে পাস ও পেশের জন্য এখন পর্যন্ত সংসদ সচিবালয়ের আইন শাখায় ১৫টি বিল জমা পড়েছে। এর মধ্যে পাঁচটি বিল কমিটিতে পরীক্ষাধীন, ছয়টি পাসের অপেক্ষায় এবং চারটি উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।
সংসদে পাসের অপেক্ষায় থাকা বিলগুলো হলো- মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল ২০২১, বাংলাদেশ পেটেন্ট বিল, ২০২১ সরকারি ঋণ বিল ২০২১, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১ ও বয়লার বিল ২০২১।
সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন বিলগুলো হলো- বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল ২০২১, বাংলাদেশ পর্যটন করপোরেশন (সংশোধন) বিল ২০২২, বাণিজ্য সংগঠন বিল ২০২২, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০২২ ও স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল ২০২২।
সংসদে উপস্থাপনের জন্য সংসদ সচিবালয়ে যে বিলগুলো জমা পড়েছে সেগুলো হলো- বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বিল ২০২২, পেমেন্ট অ্যান্ড সেলেটমেন্ট সিস্টেমস বিল ২০২২, বৈষম্য বিরোধী আইন ২০২২ ও গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) বিল ২০২২।
যা থাকছে প্রথম দিনের বৈঠকে
বিকাল ৫টায় প্রথমদিনের বৈঠক শুরু হলে স্পিকার সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোক প্রস্তাব গ্রহণ করা হবে।
পরে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে; যাতে অর্থ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রশ্নোত্তর থাকবে।
এরপর জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর আওতায় প্রাপ্ত নোটিশ নিষ্পত্তি হবে।
এছাড়া সোমবারের বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও আর্থিক বিবরণী উপস্থাপন করবেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থাপন করবেন বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০-২১, বাজেট ২০২১-২১: দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত বাস্তবায়ন ও আয় ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেনন উপস্থাপন করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম প্রতিবেদন উপস্থাপন করবেন।
এছাড়া বৈঠকেবাংলাদেশ জাতীয় জাদুঘর বিল ও বাণিজ্য সংগঠন বিলের প্রতিবেদন উপস্থাপন করা হবে।
এদিন গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) বিল ও পেমেন্ট অ্যান্ড সেলেটমেন্ট সিস্টেমস বিল উপস্থাপনের কথা রয়েছে।