Loading...

খালেদা জিয়া বিপদমুক্ত: ফখরুল

| Updated: October 26, 2021 14:59:11


খালেদা জিয়া বিপদমুক্ত: ফখরুল

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার বায়োপসি হলেও তিনি ‘বিপদমুক্ত’ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার এভার কেয়ার হাসপাতালে থাকা ৭৬ বছর বয়সী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নানা খবর প্রকাশের মধ্যে সোমবার সংবাদ সম্মেলনে এসে একথা জানান ফখরুল, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, “তিনি বিপদমুক্ত। সি ইজ আউট অব ডেনজার। কোনো রকম বিপদের সম্ভাবনা নেই বলে তারা (চিকিৎসকরা) মনে করেন।”

বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি।

 “আপনারা নিশ্চিত থাকুন যে, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একদম সুস্থ আছেন। কিছুক্ষণ আগে তার সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন, তার ভাই (শামীম এস্কান্দার) কথা বলেছেন। ডাক্তার সাহেব যে দুজন ছিলেন, তারা আমাকে নিশ্চিত করেছেন যে তিনি ভালো আছেন।”

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে খালেদার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনও ছিলেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বায়োপসি হয়েছে এবং তাতে কোনো সমস্যা হয়নি।

 “উনার শরীরের এক জায়গায় ছোট একটা লাম্প আছে। যেহেতু পরীক্ষা করা প্রয়োজন। এই লাম্পের নেচার অব অরিজিন জানতে হলে বায়োপসি করা প্রয়োজন। সেজন্য আজকে ছোট একটা বায়োপসি করতে উনাকে ওটিতে (অপারেশন থিয়েটার) নিয়ে সেটি করা হয়েছে।”

 ‘লাম্পের’ ব্যাখ্যায় অধ্যাপক জাহিদ বলেন, “লাম্প শব্দের অর্থ হচ্ছে ছোট টাকা। ইট ইজ নিয়ারলি ১.২ সেন্টিমিটার ইন সাইজ।”

বিএনপি চেয়ারপারসনের দেহের কোথায় এটা হয়েছে- সাংবাদিকরা জানতে চাইলে তিনি ‘রোগীর প্রাইভেসি’র বিষয়টি উল্লেখ করে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি।

 “বায়োপসি পরবর্তীতে উনার প্যারামিটারগুলো এই মুহূর্তে স্টেবল আছে। উনি সার্জিক্যাল আইসিইউতে চিকিৎসাধীন আছেন,” বলেন তিনি।

জাহিদ জানান, ভাই শামীম এস্কান্দার ছাড়াও ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের সঙ্গেও খালেদা জিয়া কথা বলেছেন।

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন।

দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যেতে হয়।

দেশে করোনাভাইরাসের মহামারী শুরুর পর পরিবারের আবেদনে গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ তাকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়েছিল তার পরিবার। তবে সরকার বলেছে, সাময়িক মুক্তির শর্ত অনুযায়ী তাকে দেশে রেখেই চিকিৎসা দিতে হবে।

খালেদা জিয়া বহু বছর ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন। গুলশানের বাসা ফিরোজায় অবস্থানের সময় গত এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

কোভিডোত্তর জটিলতায় ২৭ এপ্রিল খালেদাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিনের মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় দুই মাস সিসিইউতে ছিলেন। পরে ১৯ জুন মেডিকেল বোর্ড বাসায় নিয়ে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে ছাড়পত্র দেয়। তা্র চার মাসের মাথায় ফের হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

Share if you like

Filter By Topic