Loading...

খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে: মির্জা ফখরুল

| Updated: May 31, 2021 10:58:40


ফাইল ছবি ফাইল ছবি

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে তিনি সাংবাদিকদের বলেন, “চিকিৎসকদের আমি ধন্যবাদ জানাতে চাই, তারা অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা করছেন। তাদের সুচিকিৎসার কারণে তার (খালেদা জিয়া) জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে।”

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। এর মধ্যে তিনি ভাইরাস থেকে মুক্ত হলেও অন্যান্য জটিলতার কারণে এখন তাকে সেখানে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এর মধ্যেই গত ২৭ মে রাতে খালেদা জিয়া জ্বরে আক্রান্ত হন বলে শুক্রবার দুপুরে খবর দেন মির্জা ফখরুল।

এভারকেয়ারে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়া এখন সরকারের নির্বাহী আদেশে বিশেষ শর্তে সাময়িক মুক্ত আছেন। পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসার  জন্য বিদেশে নেওয়ার আবেদন করা হলেও তাতে সাড়া মেলেনি।  

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “আমাদের দুঃখ হয় যে নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আজীবন, ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর কারা নির্যাতন ভোগ করেছেন, তার চিকিৎসার জন্য আজকে সুযোগ দেওয়া হয় না।”

“বার বার করে বলা হয়েছে যে তার অ্যাডভান্সড ট্রিটমেন্ট দরকার… কিন্তু সরকার তাদের প্রতিহিংসার রাজনীতির কারণে সেই সুযোগ থেকে তাকে বঞ্চিত করছে।”

Share if you like

Filter By Topic