খালেদা জিয়াকে কারাগারের বাইরে রাখাটা মনে হয় ভুল হচ্ছে: তথ্যমন্ত্রী


বাসস | Published: July 05, 2021 20:52:19 | Updated: July 06, 2021 16:06:00


খালেদা জিয়াকে কারাগারের বাইরে রাখাটা মনে হয় ভুল হচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে বিএনপির লাগাতার বক্তব্যে মনে হচ্ছে, বেগম জিয়াকে কারাগারের বাইরে রাখাটা ভুল হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, বেগম জিয়া আদালত থেকে জামিন না পাওয়া সত্ত্বেও তাকে যে মহানুভবতা দেখিয়ে কারাগারের বাইরে রাখা হয়েছে, মনে হচ্ছে সেটি আমাদের ভুল। এখন আবার সেটি পুনর্বিবেচনা করতে হবে, বেগম জিয়াকে আইন অনুযায়ী আবার জেলখানায় ফিরিয়ে দেয়া হবে কি না।

সোমবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর নবনির্বাচিত কমিটির সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অশালীন বলেছেন, এ বিষয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, রিজভী আহমেদসহ বিএনপির প্রথম সারির নেতারা সবাই অন্য দল করতেন এবং ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্যেই বিএনপিতে যোগ দিয়েছিলেন। সেকারণে এটি বলাতে তাদের গাত্রদাহ হচ্ছে।

আসলে বিএনপির সত্যটাকে মেনে নেয়া প্রয়োজন কারণ অসত্যের ওপর দাঁড়িয়ে বেশি দিন টিকে থাকা যায় না, বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেন, আমি মির্জা ফখরুল সাহেবকে বলবো তাদের নেতাদের একটু শালীনতা শেখানোর জন্য। প্রধানমন্ত্রী ২০১৪ নির্বাচনের আগে বেগম জিয়াকে যখন ফোন করেছিলেন, তখন কেমন অশালীন ভাষায় বেগম জিয়া কথা বলেছিলেন জনগণ সেটি দেখেছে।

বেগম জিয়ার দ্বিতীয় পুত্র কোকোর মৃত্যুর পর সমবেদনা জানানোর জন্য তার বাড়িতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী ২০ মিনিট দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন কিন্তু বেগম জিয়া দরজা খোলেন নাই। যারা এমন অশালীন আচরণ করে তাদের মুখে শালীনতা শব্দ মানায় না, যোগ করেন তথ্যমন্ত্রী।

বিএনপির কেন্দ্রীয় কমিটির দুই জন সদস্যের পদত্যাগকে মির্জা ফখরুল ইসলাম বহতা নদী আখ্যা দেয়ার বিষয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, মির্জা সাহেব কদিন আগে পলায়ন শব্দ নিয়ে একটি কথা বলেছিলেন। এই পদত্যাগে মনে হচ্ছে, বিএনপি থেকে এখন পলায়ন শুরু হয়েছে। আর বিএনপি এক সময় একটা বহতা নদী ছিল। সে নদী এখন শুকিয়ে গেছে, মরে গেছে।

তথ্যমন্ত্রী বিএসআরএফ-কে গুরুত্বপূর্ণ সংগঠন বলে অভিহিত করেন এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। সচিবালয়ের সংবাদকে অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে তিনি তা নির্ভুলভাবে পরিবেশনের আহ্বান জানান।

তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সহসভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মাসউদুল হক এ সময় বক্তব্য রাখেন।

Share if you like