Loading...

খালেদাকে বিদেশে নিতে গণঅনশনের ঘোষণা বিএনপির

| Updated: November 19, 2021 18:18:46


খালেদাকে বিদেশে নিতে গণঅনশনের ঘোষণা বিএনপির

দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে শনিবার ৭ ঘণ্টার গণঅনশনের ডাক দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, “দেশনেত্রীর খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আগামী ২০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা জেলা-মহানগরে গণঅনশন কর্মসূচি পালনের জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি।”

ঢাকার ভেন্যু নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ঢাকায় অন্য কোথাও ভেন্যু না গেলে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি হবে।

মির্জা ফখরুল বলেন, “খালেদা জিয়া জীবন-মৃত্যুর সাথে লড়াই করছেন। তিনি বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেতা। তার চিকিৎসার জন্য তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হবে না- এটা অমানবিক।

“আমরা অনতিবিলম্বে তার জীবন রক্ষার জন্য তাকে বিদেশে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে সরকার। তবে শর্ত দেওয়া হয়েছে, তাকে ঢাকায় থেকে চিকিৎসা নিতে হবে, তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ১৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি। তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে আবারও সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার।

কিন্তু আইনমন্ত্রী বলেছেন, যেহেতু দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে, সেহেতু তাকে এখন বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ আইনে নেই। তিনি যদি কারাগারে ফিরে গিয়ে আবেদন করেন, সরকার তখন তা বিবেচনা করতে পারে।

খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড চিকিৎসা নিচ্ছেন।

গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, আবদুল আউয়াল মিন্টু জয়নাল আবেদীন,আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমা্ন হাবিব, আবদুস সালাম কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, জহির উদ্দিন স্বপন, নাজিম উদ্দিন আলম, আমিনুল হক, রিয়াজউদ্দিন খান নসু ও শায়রুল কবির খান ছিলেন।

Share if you like

Filter By Topic