ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য অনলাইন ঈদ মেলা শুরু


FE Team | Published: April 24, 2021 20:27:17 | Updated: April 25, 2021 15:39:46


ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য অনলাইন ঈদ মেলা শুরু

চলমান কোভিড মহামারিতে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য যৌথভাবে অনলাইনে সর্ববৃহৎ ঈদ মেলার আয়োজন করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর তৈরি অনলাইন মার্কেটপ্লেস 'আনন্দমেলা' এবং জয়িতা ফাউন্ডেশন ।

আনন্দমেলার ফেসবুক পেজে (facebook.com/anondomelashop) মেলাটি ২৪ এপ্রিল থেকে ৬ মে , সকাল ৮ টা - রাত ৮ টা পর্যন্ত চালু থাকবে। মেলায় রয়েছে নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক , গহনা , খাদ্য সামগ্রী সহ নানাবিধ উপকরণ।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, যারা করোনা মহামারির দরুন ব্যবসায় প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছিলেন, তাদের সহযোগিতায় ইউএনডিপি ২০২০ সালের এপ্রিলে আনন্দমেলা চালু করে ।

এ বিষয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, "আমাদের এই উদ্যোগটির মূল লক্ষ্য হলো পবিত্র এই রমজান মাসে ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশেষ করে নারীদের কোভিড এর ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় কিছূটা হলেও সহায়তা করা" ।

বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি দীর্ঘ মেয়াদী উদ্যোগ হল জয়িতা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রদর্শন এবং বিক্রয়ের সুবিধার্থে একটি নিরাপদ মাধ্যম তৈরির মাধ্যমে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করে।

জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান বলেন, "বাংলাদেশের চলমান সঙ্কটে, যখন উদ্যোক্তারা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য লড়াই করছেন, তখন এই অনলাইন মেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই মেলার মাধ্যমে তারা একটি বৃহৎ জনগোষ্ঠীর কাছে তাদের পণ্য বিক্রয়ের সুযোগ পাবে। প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়াবার আমাদের অবিচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে এই মেলাটি করা হয়েছে।"

অনলাইন মেলায় ত্রিশ মিনিটের মোট পাঁচটি স্লট থাকবে যা উদ্যোক্তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। উদ্যোক্তারা তাদের পণ্য সম্পর্কে বিশদ জানাতে এবং ক্রেতাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারবে। তারা এই সুযোগের মাধ্যমে তাদের ব্যবসায়ের প্রচারও করতে পারবে।

আগ্রহী উদ্যোক্তাদের আনন্দমেলায় বিক্রেতা হিসেবে অংশগ্রহণের আহ্বান করা হচ্ছে। একশপ এর মাধ্যমে তাদের পণ্য নির্বিঘ্নে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

Share if you like