ক্রেতার কাছে থেকে অতিরিক্ত ভ্যাট আদায়, লেক টেরেস রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা


এফই ডেস্ক | Published: August 25, 2021 12:09:48 | Updated: August 25, 2021 17:35:35


ক্রেতার কাছে থেকে অতিরিক্ত ভ্যাট আদায়, লেক টেরেস রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা

রাজধানীর উত্তরায় অবস্থিত লেক টেরেস রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট গ্রহণ করার অনিয়ম উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দারা। ভ্যাট আইন লঙ্ঘন করে ক্রেতাদের সাথে প্রতারণা করার অভিযোগে এক মামলাও দায়ের করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায় যে, রেষ্টুরেন্টটি ক্রেতাদের কাছ থেকে বেশি ভ্যাট কর্তন করে আসছিল এবং যথাযথভাবে তা সরকারি কোষাগারে জমাও করছিল না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতার পক্ষ থেকে ভ্যাট গোয়েন্দা দপ্তরে অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।

লেক টেরেস উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত। এর মূসক নিবন্ধন নং-০০৩৪৯১৭১১-০১০২।

সংস্থার সহকারী পরিচালক মুনাওয়ার মুরসালীন এর নেতৃত্বে গত সোমবার এ অভিযানটি পরিচালনা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

অভিযানকালে দেখা যায়, রেস্টুরেন্টটি শীতাতাপ নিয়ন্ত্রিত এবং ১৫% হারে গ্রাহকদের নিকট থেকে ভ্যাট আদায় করছে; অথচ আইন অনুসারে এই ক্ষেত্রে ১০% হার প্রযোজ্য হবে।

উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবছরে বাজেট অনুসারে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) রেস্টুরেন্ট এর ক্ষেত্রে ১০% হারে এবং নন-এসি রেস্টুরেন্ট এর ক্ষেত্রে ৭.৫% হারে ভ্যাট কর্তনপূর্বক সরকারি কোষাগারে জমা প্রদানের বাধ্যবাধকতা রয়েছে।

লেক টেরেস রেস্টুরেন্টটি অবৈধভাবে অধিকহারে (১৫% হারে) গ্রাহকদের কাছ থেকে ভ্যাট আদায় করছিল, যা অবৈধ ও প্রতারণামূলক মর্মে ভ্যাট গোয়েন্দাদের কাছে প্রতীয়মান হয়েছে।

অভিযানে প্রতিষ্ঠানটির নিকট থেকে ২৯৫টি চালান/বিল ভাউচার জব্দ করা হয় যার প্রতিটি বিলের বিপরীতে ১৫ শতাংশ হারে ভ্যাট কর্তন করা হয়েছে।

জব্দকৃত তথ্য অনুসারে গত এক সপ্তাহের মূসক আরোপযোগ্য পণ্যের বিক্রয়মূল্য ছিল ৪,২৮,৭৬০ টাকা, যার উপর প্রযোজ্য ভ্যাট ৪২,৮৭৬ টাকা। কিন্তু রেস্টুরেন্ট কর্তপক্ষ ক্রেতার নিকট হতে ভ্যাট কর্তন করেছে ৫৬,৬০৪ টাকা।

স্থানীয় ভ্যাট সার্কেল টঙ্গী ভ্যাট বিভাগে যোগযোগ করে জানা যায়, লেক টেরেস রেস্টুরেন্টটি গত ৬ মাসে শূন্য রিটার্ন দাখিল করেছে। এছাড়া গত ২০২০-২০২১ অর্থবছরে ১২ মাসে মাত্র ৮৭ হাজার টাকা ভ্যাট প্রদান করেছে। এতে প্রতীয়মান হয় যে, রেস্টুরেন্টটি গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত ভ্যাট যথাযথভাবে সরকারি কোষাগার জমা দেয় না।

বিক্রয় তথ্য গোপন করা এবং ক্রেতার কাছ থেকে বেশি হারে ভ্যাট গ্রহণ করে ভ্যাট আইন লঙ্ঘন করেছে লেক টেরেস।

অভিযানে প্রাপ্ত সকল দলিলাদি যাচাই-বাছাই করে মঙ্গলবার মামলাটি দায়ের করা হয়েছে।

Share if you like