ক্যাচ ছেড়ে ম্যাচ হারল বাংলাদেশ, সাথে সিরিজটাও


এফই ডেস্ক | Published: March 23, 2021 15:23:58 | Updated: March 24, 2021 15:27:43


ক্যাচ ছেড়ে ম্যাচ হারল বাংলাদেশ, সাথে সিরিজটাও

জিমি নিশামের ব্যাট ছুঁয়ে বল উইকেটের পেছনে। সহজ ক্যাচ অযথা ডাইভ দিতে গিয়ে ছেড়ে দিলেন মুশফিকুর রহিম। টম ল্যাথামের টাইমিংয়ের গড়বড়ে সহজ ক্যাচ, ধরতে পারলেন না বোলার মেহেদি হাসান নিজেই। পরপর দুই ওভারে সুযোগ হাতছাড়া, বাংলাদেশের আশার সমাধি সেখানেই। ল্যাথাম আর নিশাম মিলেই নিউ জিল্যান্ডকে এগিয়ে নিলেন জয়ের পথে। অপরাজিত সেঞ্চুরিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন অধিনায়ক ল্যাথাম।

সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার ৫ উইকেটের জয়ে নিউ জিল্যান্ড নিশ্চিত করল সিরিজ জয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আগের ম্যাচে বাজে ব্যাটিংয়ের হতাশা পেছনে ফেলে এবার রান এনে দিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। বোলাররাও চেষ্টা করলেন। কিন্তু ফিল্ডিংয়ে ফসকে গেল ম্যাচ। ওই দুটি সহজ সুযোগ ছাড়াও ছিল আরও দু-তিনটি হাফ চান্স। ছিল সরাসরি থ্রোয়ে রান আউট করার দু-তিনটি সুযোগ। সহজ-কঠিন, কিছুই কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

তামিম ইকবালের দায়িত্বশীল ৭৮ ও মোহাম্মদ মিঠুনের ক্যারিয়ার সেরা ঝড়ো ৭৩ বাংলাদেশকে এনে দেয় ২৭১ রানের পুঁজি। নিউ জিল্যান্ড লক্ষ্য ছুঁয়ে ফেলে ১০ বল বাকি রেখে।

হ্যাগলি ওভালে ২৬০ রানের বেশি তাড়া করে জয় এটিই প্রথম। সেই রেকর্ড যাত্রায় দক্ষ নাবিক হয়েই কিউই ইনিংসকে এগিয়ে নিলেন অধিনায়ক ল্যাথাম। ১১০ রানের অপরাজিত ইনিংস খেলে স্মরণীয় করে রাখলেন এই মাঠের প্রথম দিন-রাতের ম্যাচ।

Share if you like