কোভিড: সংক্রমণ বাড়ছে, দৈনিক শনাক্ত এক মাসের সর্বোচ্চ


FE Team | Published: June 02, 2021 16:30:14 | Updated: June 02, 2021 21:38:20


কোভিড: সংক্রমণ বাড়ছে, দৈনিক শনাক্ত এক মাসের সর্বোচ্চ

দেশে গত এক দিনে আরও ১ হাজার ৯৮৮ জনের মধ্যে করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়েছে, আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের।

দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৩০ এপ্রিল ২ হাজার ১৭৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৪ হাজার ২৯৩ জন হয়েছে। আর করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৬৯৪ জন।

সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ১ হাজার ৯১৪ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা ১২ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতোমধ্যে ১৭ কোটি ১১ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে ৩৫ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

Share if you like