কোভিড: দৈনিক শনাক্ত ৭ শতাংশে নেমেছে, তবে মৃত্যু বেড়েছে


FE Team | Published: September 11, 2021 17:48:35


কোভিড: দৈনিক শনাক্ত ৭ শতাংশে নেমেছে, তবে মৃত্যু বেড়েছে

দেশে দিনে করোনাভাইরাসের রোগীর শনাক্তের হার ৭ শতাংশে নেমে এসেছে।

আগের ২৪ ঘণ্টায় প্রায় ১৯ হাজার নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩২৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা শনিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ফলে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ০৩। আগেরও দিন তা ছিল ৮ দশমিক ৬৫। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে।

শনিবার ৪৮ জনের মৃত্যুর খবর এসেছে, যা আগের দিন ছিল ৩৮। গত ২৪ ঘণ্টা পুরুষের চেয়ে নারী বেশি মারা গেছে।

এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৮০ জন। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ২৮ হাজার ৫৪২।

গত একদিনে সেরে উঠেছেন ৩ হাজার ১৬৮ জন কোভিড রোগী। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন।

Share if you like