কোভিড: এক সপ্তাহে ২৭ মৃত্যু, টিকা দেওয়া ছিল না ৮৯ শতাংশের


FE Team | Published: November 15, 2021 17:15:53 | Updated: November 17, 2021 20:37:57


কোভিড: এক সপ্তাহে ২৭ মৃত্যু, টিকা দেওয়া ছিল না ৮৯ শতাংশের

দেশে গত এক সপ্তাহে মোট ২৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে, যাদের ৮৯ শতাংশেরই টিকা দেওয়া ছিল না।

গত এক সপ্তাহে দেশে মোট ১৪৮৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ০.৯ শতাংশ বেশি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে আরও ২৩৪ জনের মধ্যে।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৯২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২২৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৬ হাজার ৭৪৪ জন।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে ১৮২ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের তিন চতুর্থাংশ।

মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন ঢাকা বিভাগের এবং ১ জন রাজশাহী বিভাগের বাসিন্দা ছিলেন। বাকি পাঁচ বিভাগে কারও মৃত্যু হয়নি।

Share if you like