Loading...
The Financial Express

কোভিড-১৯: ২৪ ঘন্টায় শনাক্ত ১২, ১৯৮, মৃত্যু দুই শতাধিক

| Updated: July 14, 2021 12:08:47


-প্রতীকী ছবি -প্রতীকী ছবি

রেকর্ড শনাক্তের পরদিন নতুন রোগীর সংখ্যা কিছুটা কমে এসেছে; করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যাও কমেছে গত এক দিনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে পৌনে ৪২ হাজার নমুন পরীক্ষা করে ১২ হাজার ১৯৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ২০৩ জনের।

আগের দিন দেশে রেকর্ড ১৩ হাজার ৭৬৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। তার আগে রোববার রেকর্ড ২৩০ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে সারা দেশে লকডাউনের যে কঠোর বিধিনিষেধ চলছে, তা ঈদের জন্য নয় দিন শিথিল করার ঘোষণা এসেছে মঙ্গলবার। ঈদের পর আবারও পুরনো বিধিনিষেধ ফিরিয়ে আনার কথা বলেছে সরকার।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনে। তাদের মধ্যে ১৬ হাজার ৮৪২ জনের প্রাণ গেছে করোনাভাইরাসে।

গত এক দিনে কেবল ঢাকা বিভাগেই ৪৭২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের ৩৯ শতাংশের কাছাকাছি। চট্টগ্রাম বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৩৪৩ জন।

আর যে ২০৩ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৬১ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫৩ জনের।

সরকারি হিসাবে গত এক দিনে আরও ৭ হাজার ৬৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত ৯ জুলাই দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ পেরিয়ে যায়, সেদিনই মোট মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ছাড়ায়।

বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ১৮ কোটি ৭৩  লাখ ছাড়িয়েছে। আর ৪০ লাখ ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এ মহামারীতে।

Share if you like

Filter By Topic