কোভিড-১৯: ২৪ ঘন্টায় মৃত্যু বাড়লেও শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে


FE Team | Published: October 12, 2021 17:22:47 | Updated: October 13, 2021 12:25:28


-এফই ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরও ৫৪৩ জনের মধ্যে।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৭১৩ জনের মৃত্যু ঘটিয়েছে এ ভাইরাস, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সোমবার সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছিল আর ৫৯৯ জন নতুন রোগী পাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও রোগী শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৭০১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে উঠলেন।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকা বিভাগেই ৪৫৬ জন, যা দিনের মোট শনাক্তের ৬৮ শতাংশের বেশি। আর যে ১৪ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৬ জনই ছিলেন ঢাকা বিভাগের।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ অগাস্ট তা ২৬ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৮ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৩ কোটি ৮৩ লাখের বেশি রোগী।

Share if you like