কোভিড-১৯: ২৪ ঘণ্টায় ৫৮ জনের মৃত্যু, শনাক্ত ২,৫৮৮ জন


FE Team | Published: September 09, 2021 18:19:50 | Updated: September 09, 2021 21:57:04


রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রে বুধবার করোনাভাইরাসের গণটিকা কর্মসূচির আওতায় দ্বিতীয় ডোজ নিতে মানুষের অপেক্ষা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরও ২ হাজার ৫৮৮ জনের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৯৪ জনের।

গত এক দিনে সারা দেশে সাড়ে ২৯ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৬ শতাংশ, যা আগের দিন ৯ দশমিক ০৭ শতাংশ ছিল, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৪৯১ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি।

যে ৫৮ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ২২ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ১৯ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৩ হাজার ৬১৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন সুস্থ হয়ে উঠলেন।

Share if you like