দেশে করোনাভাইরাসের মহামারীর শুরুর পর গত ১৮ মাসের মধ্যে প্রথমবার একটি মৃত্যুহীন দিন পেল ঢাকা বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে মোট ৬ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন চট্টগ্রাম, ২ জন রাজশাহী বিভাগের এবং ১ জন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। তার দশ দিন পর ১৮ মার্চ আসে প্রথম মৃত্যুর খবর। মহামারী শুরুর পর সর্বশেষ ২০২০ সালের ৩ এপ্রিল মৃত্যুহীন দিন দেখেছিল বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিভাগে তারপর মৃত্যু কোনো সময়ই শূন্য হয় নাই। প্রথম মৃত্যু, প্রথম সংক্রমণ সব ঢাকা বিভাগেই ছিল। এ পর্যন্ত সংক্রমণ, মৃত্যু সব চেয়ে বেশি ঢাকাতেই।
মহামারীর এই পুরোটা সময়ে সব মিলিয়ে ২৭ হাজার ৭৯১ জনের মৃত্যুর তথ্য সরকারের খাতায় এসেছে। তাদের মধ্যে ১২ হাজার ১১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যা মোট মৃত্যুর ৪৪ শতাংশ।